২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নিবন্ধনে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধ তদন্তকারীদের লিখিত আপত্তি

রাজনৈতিক দল হিসেবে ধর্মভিত্তিক দল 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নিবন্ধন পাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ও সেক্টর কমান্ডারস ফোরাম। সোমবার তারা এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) একটি লিখিত 'আপত্তি আবেদন' জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল হিসেবে ধর্মভিত্তিক দল 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নিবন্ধন পাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ও সেক্টর কমান্ডারস ফোরাম। সোমবার তারা এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) একটি লিখিত 'আপত্তি আবেদন' জমা দিয়েছে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ লিখিত বক্তব্য দেওয়ার পর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান সাংবাদিকদের বলেন, "জামায়াতকে নিবন্ধন না দেওয়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে।" ডা. এম এ হাসান বলেন, "দলটি দীর্ঘদিন ধরে একটি বিদেশি দল ও প্রতিষ্ঠানের শাখা হিসেবে এদেশে অবৈধ ও অসাংবিধানিকভাবে রাজনীতি করে আসছে যা আমাদের সংবিধান অনুমতি দেয় না।'' "এছাড়া দলটির কতিপয় গুরুত্বপূর্ণ নেতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আনুগত্য স্বীকার করে রাজাকার ও আলবদর বাহিনীর সদস্য হিসেবে নয় ধরণের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকাণ্ডে জড়িত ছিল। এ নেতারা বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ বা ভুল স্বীকার করেননি। তাই তাদের উপস্থিতিতে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে পারেনা।" অন্যদিকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের লে. জেনারেল এম হারুন-অর-রশিদ (অবঃ) বলেন, "জামায়াতে ইসলামী বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধ বিরোধী একটি কুখ্যাত দল।...দলটি স্বাধীনতার ৩৭ বছর পরও কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। এ দলটি ইসি থেকে নিবন্ধন পেতে পারে না।" জামায়াতকে নিবন্ধন না দেওয়ার পক্ষে ৬টি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সিইসি'র কাছে ফোরামের পক্ষ থেকে আবেদন জানানো হয়। আপত্তি আবেদন জমাদানের শেষদিনে সোমবার ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ছাড়াও বিকালে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বিষয়ে আপত্তি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী অন্যতম প্রধান সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। দলটির বিরুদ্ধে আপত্তি আবেদনের সময়সীমা আরো বাড়ানোর দাবি জানিয়েছে নির্মূল কমিটি। এ প্রসঙ্গে নিবন্ধন যাচাই-বাছাই কমিটির সদস্য উপ সচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের আপত্তি আবেদন বিবেচনা করার পর ইসি থেকে দুই পক্ষকে শুনানির সুযোগ দেওয়ার বিধান রয়েছে। এরপর ইসি সিদ্ধান্ত নেবে। ২০ অক্টোবর 'জামায়াতে ইসলামী বাংলাদেশ' নামটি পাল্টিয়ে দলটি 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' নামে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেয়। ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার কথা রয়েছে। ইতোমধ্যে আবেদনকৃত ১০৭টি দলের মধ্যে ১২টি দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাকিদলগুলোর নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপি'র নিবন্ধন বিষয়ে গণবিজ্ঞপ্তি মঙ্গলবার জারি করা হবে বলে ইসি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/এসকে/২০০২ঘ.