ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে রোববার সন্ধ্যায় সৈকত নামের এক ছাত্রলীগ কর্মী নিজ সংগঠনের অপর কয়েকজনের হাতে গুরুতর আহত হয়েছেন। চাপাতির আঘাতে তার হাত ও পায়ের রগ কেটে গেছে।
সৈকতকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হলের একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলের একটি কক্ষে ছাত্র তোলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সমর্থিত কর্মীরা সাধারণ সম্পাদকের সমর্থক সৈকতকে বেদম পেটায়। এরপর তাদের চাপাতির কোপে সৈকত হাতে ও পায়ে গুরুতর জখম হন।
এ ঘটনার পর রাত ১১টা থেকে ওই হলের চারটি কক্ষে তল্লাশি চালায় পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলের চারটি কক্ষ তল্লাশি করে তিনটি হকিস্টিক ও আটটি রডের টুকরা পাওয়া গেছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা জানান, গত বুধবার রাতে হলের একটি কক্ষে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে সৈকতের সঙ্গে আরেক ছাত্রলীগ কর্মী সুমনের বাকবিতণ্ডা হয়। তখন সুমনসহ কয়েকজন সৈকতকে হল থেকে বের করে দেয়। এরপর বিশ্ববিদ্যালয় নেতাদের মধ্যস্থতায় সৈকতকে আবারও হলে তুলে দেওয়া হয়।
সাজ্জাদ সাকিব বলেন, "রোববার সন্ধ্যায় হল থেকে বের হওয়ার সময় সৈকতকে একা পেয়ে সুমন ও তার সঙ্গীরা হকিস্টিক ও চাপাতি দিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে সৈকতের ডান হাত ও ডান পায়ের রগ কেটে যায়। বাম হাতেও গুরুতর জখম হয়।"
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, "আসলে এখানে বিষয়টা গ্র"পিংয়ের নয়। তাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। তবে আমরা দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/০০৪৭ ঘ.
bdnews24