ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরের সামনে বাউল ভাস্কর্য পুর্ননির্মাণের দাবিতে ৩০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে 'ভাস্কর্য রক্ষা আন্দোলন'র ব্যানারে পদযাত্রা কর্মসূচী ঘোষণা করেছে ঢাবি শিক্ষক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১টায় এ কর্মসূচীতে অংশগ্রহণের জন্যে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
ভাস্কর্য রক্ষা আন্দোলনের লিখিত বক্তব্যে 'মুক্তিযুদ্ধ ও লোকজ সংস্কৃতি'কে মূল উপজীব্য ধরে পুনরায় ভাস্কর্য নির্মাণের দাবি জানানো হয়। এ লক্ষ্যে নকশা আহ্বান করে, বিশেষজ্ঞ শিল্পী-ভাষ্করদের নিয়ে গঠিত কমিটি মাধ্যমে নকশার চূড়ান্ত অনুমোদন করে সরকারের কাছে তা বাস্তবায়নের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "জামায়াত ইসলামী শুধুমাত্র নির্বাচনের জন্য নিজেদের গঠনতন্ত্র থেকে আল্লাহর শাসন লোপ করে দিলো, নিজেদের গঠনতন্ত্রে নারীদের আসন দিলো। এর আগে এসব ছিলো না। এতে প্রমাণিত হয় এরা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে। এরা ধার্মিক নয়।"
তিনি আরো বলেন, "প্রধান দু'টি রাজনৈতিক দল এখনো কিছু বলেনি। তারা যদি মুক্তিযুদ্ধ, শিল্প ও সংস্কৃতির চেতনা ধারণ করে তাহলে এর বিরুদ্ধে তারা এখনই প্রতিবাদ করবে বলে আমার বিশ্বাস।"
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস বলেন, "এ ভাস্কর্য ভাঙার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে সরকারের কোনো না কোনো অংশ জড়িত।"
ঢাবি'র অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, "এ যুগে ভাস্কর্য ভাঙা মধ্যযুগীয় ও সামন্তীয় বর্বরতার দৃষ্টান্ত। এই মৌলবাদী শক্তিকে এখনই প্রতিহত করতে না পারলে এরা সুশীল, প্রগতিশীল সবাইকে গ্রাস করবে।"
তিনি ৩০ অক্টোবরের কর্মসূচীতে সব সংস্কৃতিকর্মীকে অংশগ্রহণ করে তা সফল করার আহ্বান জানান।
ভাস্কর রাসা বলেন, "সরকার সবসময়ই ভাস্কর্য বিকাশের ব্যাপারে উদাসীন। তিনি শিক্ষার্থীদের মনস্তাত্তিক বিকাশে ভাস্কর্য বিষয়ক প্রদর্শনী করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি'র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ফার্সি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম খান, আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, পথনাটক পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রোববার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহবাগে মানব বন্ধন করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
মানব বন্ধনে অংশগ্রহণ করেন অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক ড. অজয় রায়, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অধ্যাপক খান সারওয়ার মুরশিদ বলেন, "একটা অপশক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।"
সৈয়দ আবুল মকসুদ বলেন, "এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভাস্কর্য ভাঙা ধর্মান্ধ গোষ্ঠীর দীর্ঘদিনের অপচেষ্টার প্রতিফলন।"
তিনি দেশের সব মানুষকে এই অপচেষ্টা রোখার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্যে আহ্বান জানান।
সপ্তাহখানেকের মধ্যেই নতুন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জিএনএ/২১০০ ঘ.
bdnews24