ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া উপজেলার বাসালিয়া এলাকার মাটেঙ্গা গ্রামের একটি বাড়ির গোয়াল ঘর থেকে রোববার ভোরে পরিত্যাক্ত অবস্থায় তিনটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় উদ্ধার করা হয়েছে একটি রিভলবার, একটি পাইপগান ও চার রাউন্ড গুলি।
আমাদের খুলনা প্রতিনিধি জানান, মাটেঙ্গা গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের গোয়ালঘর থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়।
রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়।
উদ্ধারকৃত বোমাগুলো জর্দার কৌটা দিয়ে বানানো এবং কালো টেপ মোড়া। এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান, শনিবার গভীর রাতে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের তেলকাড়া গ্রাম থেকে একটি দেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, টহল পুলিশের একটি দল রোববার ভোরে নড়াইল- গোবরা সড়কের খোপাখোলা লোহার ব্রিজের পশ্চিম পাশে পরিত্যাক্ত একটি ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24