বাগেরহাট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী সন্দেহে বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রাম থেকে রোববার ভোরে 'নয়া বাংলার লাল পদক্ষেপ (নবালাপ) নামে একটি সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরও তথ্যসহ)
এদের কাছ থেকে শ্রেণী সংগ্রাম ও সমাজ পরিবর্তন বিষয়ক বেশ কিছু লিফলেট, পোস্টার, ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার, দলীয় আদর্শের ওপর লিখিত কিছু বই ও ব্যানার উদ্ধার করা হয়েছে।
সংগঠনের ২০ সদস্যের বাগেরহাট জেলা কমিটির একটি তালিকাও তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আনিস রায়হান (৩০), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাদুড়তলা গ্রামের রাখাল চন্দ্র মাঝির ছেলে রামকৃষ্ণ মাঝি (৩৩), তার ছোটভাই রাম ভরত মাঝি (২৮), একই গ্রামের নিখিল চন্দ্র হালদারের স্ত্রী মনিকা হালদার (২৮), হোগলাপাশা ইউনিয়নের কিসমত বৈলপুর গ্রামের রতিকান্ত শিকদারের ছেলে জীবন শিকদার (৪০) এবং মোরেলগঞ্জ বাজারের সঞ্জিত দর্জির ছেলে স্নিগ্ধ দর্জি (২০)।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থী সন্দেহে এদের গ্রেপ্তার করা হয়েছে।"
গত ১১ আগস্ট সংগঠনটি কার্যক্রম শুরু করেছে বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশ আরও খোঁজ খবর নিচ্ছে বলে ওসি জানান।
ওসি বলেন, "জরুরি অবস্থায় পোস্টার লাগানো, লিফলেট বিতরণের অভিযোগে জরুরি বিধিমালার ১৬/২ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক মোরেলগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আনিস রায়হান জানিয়েছেন তিনি একজন প্রকৌলশী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিযারিং বিভাগে পড়াশোনা করেছেন।
রামকৃষ্ণ মাঝি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র এবং মনিকা হালদার ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা বলে তারা পুলিশকে জানিয়েছেন।
এদের মধ্যে আনিস রায়হান ও রামকৃষ্ণ মাঝি বলেছেন- তারা এই সংগঠনটির কেন্দ্রীয় নেতা। মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় তারা সংগঠনের পোস্টার লাগিয়েছে এবং লিফলেট বিতরণ করেছেন।
ওই কর্মকর্তা জানান, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা পোস্টারে শোষণের বিরুদ্ধে সজাগ ও সংগঠিত হওয়ার, সমানাধিকার, গণমুক্তি ও গণক্ষমতা অর্জনের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। লিফলেটে মেহনতী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান এবং বিপ্লবে জয়যুক্ত হবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে উদ্ধার করা ডিজিটাল ক্যামেরায় কিছু নৈস্বর্গিক ছবি এবং কম্পিউটারে কিছু ছায়াছবি ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
খুলনার র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মেফতাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের র্যাব জিজ্ঞাসাবাদ করেছে। আমরা এদের আদর্শ, সাংগঠনিক শক্তি, লক্ষ্য ও উদ্দেশ্য গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।"
বাগেরহাটের পুলিশ সুপার, মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24