ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই ছুটি কেন পুনর্বহাল করা হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
রোববার সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ এ আদেশ দেন।
সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, সংস্থাপন সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
২০০৭ সালের ৪ ডিসেম্বর সরকার 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের' ছুটি বাতিল করে।
আবেদনকারীর পক্ষে রিটটির ওপর শুনানিতে অ্যাডভোকেট আদিলুর রহমান খান বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালে দেশ আবার বিপদে পরে। সেই ক্রান্তিকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করে। সৈনিক জনতার সেই অবদানের ভিত্তিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করা হচ্ছিল। দিনটিতে সরকারি ছুটিও ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা নিয়ে বেআইনিভাবে ও অসৎ উদ্দেশ্যে এ ছুটি বাতিল করে।"
শুনানিতে অ্যাডভোকেট আদিলুর খানকে সহায়তা করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।
এ সময় সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে বি এম হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২০১৩ ঘ.
bdnews24