ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীর 'ছয় খুন মামলায়' চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক এএইচএম মুস্তাক আহম্মেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হচ্ছে- মো. আজিম, মাসুম মাতুব্বর, জাকির হোসেন বাহার ও কামরুজ্জামান কামরুল।
আদালত ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে।
২০০৬ সালের ১৩ অক্টোবর পল্লবীতে ব্যবসায়ী কাজী সিরাজুল হকের বাড়ির দরোয়ান ও গৃহকর্মীসহ ছয় জনকে খুন হয়। ওই হত্যাকাণ্ডের পরদিন সিরাজুল হক বাদি হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।
রায়ে বলা হয়, বাদির বাড়ির তত্ত্বাবধায়ক আজিম এবং সাবেক গাড়িচালক মাসুম অপর দুই আসামিকে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়িতে অবস্থানরত দারোয়ান ও গৃহকর্মীরা চিনে ফেলায় তাদের হত্যা করা হয়।
হত্যার শিকার হয়- বাড়ির দারোয়ান মিলন বকশী, গৃহকর্মী খাদিজা আন্না ও মনির, জাকাত নিতে ওই বাড়িতে আসা রিজিয়া বেগম ও তার ছেলে তোফায়েলসহ অপর এক জন।
সিরাজুল হকের বাসা থেকে ওই দিন নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়। মামলা চলাকালে আসামি মাসুম, জাকির ও কামরুজ্জামান দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
রায়ের সময় আসামিরা আদালতে ছিলেন। রায় শুনে তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এ মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরমান আলী ২০০৭ সালের ১৬ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জন, আসামিপক্ষে তিন জন সাক্ষ্য দেয়।
মামলার আসামি পক্ষের আইনজীবীরা এ রায়ে সন্তষ্ট না হয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "যশোরের এক কমিশনারের সাথে বাদির ব্যবসায়িক লেনদেন ছিল। তাছাড়া নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র একটি সংগঠনের সাঙ্গেও বাদির লেনদেন ছিল। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড হয়। এতে দণ্ডিতরা জড়িত ছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এমআই/এসকে/১৫১৪ঘ.
bdnews24