খাগড়াছড়ি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় নিহত মং সার্কেলের রাজা পাইহ্লা প্র" চৌধুরীকে শেষবারের মতো একনজর দেখতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে সাধারণ মানুষ।
খাগড়াছড়ি শহরের অদূরে হেডম্যান পাড়ায় রাজবাড়িতে নানা রকম ধর্মীয় অনুষ্ঠানাদি চলছে। আগামী সোমবার (২৭ অক্টোবর) রাজার মরদেহ দাহ করা পর্যন্ত চলতে থাকবে এসব অনুষ্ঠানাদি।
অষ্ট্রেলিয়ায় ইউএনডিপি'র সেমিনারে যোগদান শেষে গত ২২ অক্টোবর খাগড়াছড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রাজা পাইহ্লা প্র" চৌধুরী মারা যান।
শনিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে। এ সময় হাসপাতালে জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরা, জেলা প্রশাসক একেএম খায়রুল আলম, পুলিশ সুপার মো. কায়ূমুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক সানুমং মঙ মার্মা মনু এবং সিভিল সার্জন মো. আবু তাহের উপস্থিত ছিলেন।
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রাজার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষ রাজাকে শেষবারের মত একনজর দেখার জন্য রাজবাড়িতে ভিড় করছেন। তারা রাজার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
এর আগে শুক্রবার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের পক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান, জেলা প্রশাসকের এনডিসি মনিন্দ্র কিশোর মজুমদার, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সোলাইমান আলম শেখ এরশাদের পক্ষে রাজার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এছাড়া পার্বত্য জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, হেডম্যান এসোসিয়েশন, কার্বারী এসোসিয়েশন, মারমা উন্নয়ন সংসদ, মারমা সাংস্কৃতিক সংস্থা, ত্রিপুরা কল্যাণ সংসদ, চাকমা সাংস্কৃমিক একাডেমি, বিএমসি, এনজিও ফোরাম, ইউনডিপি, ব্র্যাকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগের দিন রোববার দুপুর ২টায় রাজা মরদেহ নিয়ে ইয়ংড বৌদ্ধ বিহার থেকে হেডম্যান পাড়ায় রাজবাড়ি প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রা হবে। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শোক সভা।
সোমবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে- মরদেহের মরনানুস্মৃতি ধর্মীয় সূত্রপাঠ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কার দান, ভিক্ষু সংঘের পিণ্ড দান, পুষ্পরথ নৃত্য, পঞ্চশীল গ্রহণ ও উৎসর্গ, রাজপুত্র ও অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য, মংরাজা শবদেহ পুষ্প রথের উত্তোলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24