২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিত ও ঋণখেলাপিদের তালিকা করছে ইসি

নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করতে জরুরি বিধিমালার আওতায় বিভিন্ন মামলায় দণ্ডিত এবং ঋণখেলাপিসহ চার ধরনের বিলখেলাপির তালিকা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করতে জরুরি বিধিমালার আওতায় বিভিন্ন মামলায় দণ্ডিত এবং ঋণখেলাপিসহ চার ধরনের বিলখেলাপির তালিকা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা শনিবার বলেছেন, "জরুরি বিধিমালার মামলায় যে কোনও মেয়াদে দণ্ডিত কেউই নির্বাচনে অংশ নিতে পারবে না। ঋণখেলাপিরাও নির্বাচনে অযোগ্য। এছাড়া টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলখেলাপিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।" এটিএম শামসুল হুদা বলেন, "প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের সময় ঝামেলা এড়ানো ও সময় বাঁচাতে দণ্ডিত ও খেলাপিদের নাম সংগ্রহ করা হচ্ছে। এরপর তালিকা করে তা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।" শনিবার রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি একথা বলেন। তিনি জানান, ঋণখেলাপিদের চিহ্নিত করতে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম-ঠিকানা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। এছাড়া সেবাখাতে বিলখেলাপিদের চি‎িহ্নত করতে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ ঋণখেলাপি ও বিল খেলাপিদের মনোনয়নপত্র দাখিলের ১৫ দিন আগে ঋণ ও বিল পরিশোধ করে প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে। দণ্ডিতদের বিষয়ে সিইসি বলেন, "মনোনয়ন বাছাইয়ের দিন পর্যন্ত যদি জরুরি অবস্থা থাকে, সেদিন পর্যন্ত যারা জরুরি বিধিমালায় আওতার কোনও মামলায় যে মেয়াদেই দণ্ডিত হবেন; তারা প্রার্থী হতে পারবেন না।" প্রচলিত আইনে দুই বছর কিংবা তার বেশি মেয়াদে দণ্ডপ্রাপ্ত কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হারান। তবে এক্ষেত্রে উচ্চ আদালতে আপিল করে থাকলে প্রার্থী হতে বাধা নেই। আসন্ন নির্বাচনে 'যথেচ্ছ' প্রার্থিতার সুযোগ না থাকায় প্রার্থী সংখ্যা কমতে পারে বলে শামসুল হুদা মনে করেন। তিনি বলেন, "নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া অন্য দলের হয়ে প্রার্থী হওয়ার সুযোগ না থাকা এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেও নিয়ম নীতি থাকার কারণে এবার প্রার্থীর সংখ্যা অনেক কমবে। গড়ে প্রতি আসনে পাঁচ জন প্রার্থী হতে পারেন।" স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিইসি বলেন, "নতুন আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে অতীতে যে কোনও একটি নির্বাচনে বিজয়ী হতে হবে, নতুবা নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ প্রমাণপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে কোনও ভোটারের মিথ্যা স্বাক্ষর থাকলে প্রার্থিতা বাতিল হবে।" সর্বশেষ (২০০১) সংসদ নির্বাচনে মোট ৫৪টি দল অংশ নেয়। সেবার ৩০০ আসনে মোট প্রার্থী ছিলেন ১ হাজার ৯৩৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪৮৪ জন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপালনকারী জেলা প্রশাসকদের উদ্দেশে সিইসি বলেন, "প্রার্থীদের মনোনয়নপত্র ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। অনাকাক্সিক্সক্ষত লোক যেন যাচাই-বাছাইয়ের সময় ঝরে পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।" তিনি জেলা প্রশাসকদের দায়িত্ব সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "জীবনে সুখ-শান্তি চাইলে ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। অন্যায় কাজ করলে আপনাদেরও ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের অংশীদার হওয়ার সুবর্ণ সুযোগ এসেছে, তা কাজে লাগান।" সিইসি বলেন, "নির্বাচনী আচরণবিধি প্রয়োগে সচেতন থাকতে হবে। প্রার্থীদের সতর্ক করার পাশাপাশি নির্দেশনাও দিতে হবে। পাশাপাশি সামান্য নামের বানান ভুলের মতো ছোটখাটো কারণে কোনও ভোটার যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।" রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, ''১৮ ডিসেম্বরই নির্বাচন হবে। এবার প্রতিটি ভোট কেন্দ্রেই ভোট গণনা শেষে ফলাফল হবে। এ কারণে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসে ফলের গড়মিল হওয়ার অবকাশ থাকবে না।" অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনের আগে এবং পরেও আইন প্রয়োগে সচেষ্ট থাকতে হবে। দায়িত্ব পালনের সময় কেউ কারও প্রতি সখ্য দেখাবেন না। নিরপেক্ষ থাকবেন। আমরা স্বচ্ছ নির্বাচন করতে চাই।" ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নির্বাচনী আইন বিষয়ে জেলা প্রশাসকদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান শুরু হয়। শনিবার প্রথম পর্র্বে ৩২ জন জেলা প্রশাসক অংশ নেন। ২৮ অক্টোবর দ্বিতীয় পর্বে আরও ৩২ জন জেলা প্রশাসক প্রশিক্ষণ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/