ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকারের প্রসঙ্গ স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়েছে 'বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন'।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল বলেন, "মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দেশের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর অধিকারের বিষয়টি ইশতেহারে সুষ্পষ্টভাবে তুলে ধরতে হবে।"
আদিবাসীদের অধিকার রক্ষা ও উন্নয়নে তিনি ১৫টি দাবির বিষয়ে নির্বাচনী ইশতেহারে দলগুলোর অবস্থান তুলে ধরার আহ্বান জানান।
এসব দাবির মধ্যে রয়েছে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে আলাদা ভোটার তালিকা প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর করা, সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন, তাদের ঐতিহ্যগত ভূমি অধিকারের স্বীকৃতি এবং বেদখল হওয়া ভূমি ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা।
মেসবাহ কামাল অভিযোগ করেন, "বিগত বছরগুলোতে আদিবাসীদের ওপর অনেক অন্যায় অবিচার হয়েছে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ন্যাশনাল পার্ক, সামাজিক বনায়ন, রাবার চাষ, বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ, সেনাক্যাম্প ইত্যাদি প্রকল্পের নামে বন উজাড় করা হয়েছে এবং সেখান থেকে আদিবাসীরা উচ্ছেদ হয়েছে।"
বাংলাদেশে এখন ৪৫টি আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ৩০ লাখ মানুষ বসবাস করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আদিবাসী অধিকার আন্দোলনের সভাপতি এইচ কে এস আরেফিন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডি প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এসকে/২০০৬ঘ.
bdnews24