পটুয়াখালী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখবে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, "নির্বাচনী মহাজোট করার ইচ্ছে আছে জাতীয় পার্টির। তবে মহাজোট না হলে তিনশ' আসনে নির্বাচন করার জন্য জাতীয় পার্টি প্রস্তুতি নিয়ে রাখবে।"
শুক্রবার পটুয়াখালী-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় রহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বদরপুর বাসষ্ট্যান্ড, পাঙ্গাশিয়া মাদ্রসা ও লেবুখালী ফেরীঘাট এলাকায় গণসংযোগ করেন।
পাঙ্গাাশিয়ায় গণসংযোগের সময় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হান্নান মুন্সীর মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান জাপা মহাসচিব।
আগামী সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টি (জাপা) রোববার থেকে মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু করবে বলে শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24