২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের ওয়াইন বোতলে বাঙালি শিল্পীর 'আর্ট লেবেল'

প্রথমবারের মতো কলকাতার এক বাঙালি শিল্পীর আঁকা 'আর্ট লেবেল' নিয়ে বাজারে আসছে মদের বোতল। মদের বোতলের গায়ে 'আর্ট লেবেল' বা চিত্রকর্ম- এঁকেছেন পিকাসো, দালি, শাগালের মতো বিখ্যাত সব চিত্রশিল্পী। এদের নামের পাশে এবার যুক্ত হচ্ছে কলকাতার সঞ্জয় ঘোষের নাম। সিএনএন-আইবিএন'এর সাংবাদিক সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য লিখেছেন এই প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

নয়াদিল্লী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো কলকাতার এক বাঙালি শিল্পীর আঁকা 'আর্ট লেবেল' নিয়ে বাজারে আসছে মদের বোতল। মদের বোতলের গায়ে 'আর্ট লেবেল' বা চিত্রকর্ম- এঁকেছেন পিকাসো, দালি, শাগালের মতো বিখ্যাত সব চিত্রশিল্পী। এদের নামের পাশে এবার যুক্ত হচ্ছে কলকাতার সঞ্জয় ঘোষের নাম। সঞ্জয়ের আঁকা শিল্পকর্ম শোভা পাবে বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক ভিন অপেরার ইতালিয় ওয়াইন ব্র্যান্ড মন্তালচিনো, বারবেরা ও আমারোনের বোতলের গায়ে। এছাড়া নিজের মৌলিক কিছু চিত্রকর্ম অবলম্বনে ভিন অপেরার নতুন আরো কিছু ওয়াইনের আর্ট লেবেল তৈরি করবেন সঞ্জয় ঘোষ। এই শিল্পকর্মগুলো নয়াদিল্লীতে এক প্রদর্শনীর মাধ্যমে প্রকাশ করা হবে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় ঘোষ বলেন, "আমার নাম পিকাসো, দালি, শাগালের মতো ব্যক্তিত্বদের সঙ্গে একই অনুচ্ছেদে লেখা হচ্ছে- এটা বিশ্বাসই করতে পারছি না। আমি জানি না কখনোই এটা বিশ্বাস করতে পারব কিনা, অন্তত আমার কাজগুলো পণ্ডিতদের প্রশংসা পাওয়ার আগে তো নয়ই।" অনুভূতি জানাতে গিয়ে ভারতে আর্ট লেবেলকে পরিচয় করিয়ে দেওয়া কিউরেটর মিরা কাকার বলেন, এটা তো মাত্র শুরু। তিনি এটাকে (আর্ট লেবেল) উপহাদেশে ছড়িয়ে দেওয়ার কথাও বলছেন। শিল্প সমালোচকদের মতে পৃথিবীকে একটু আলাদা চোখে দেখেন সঞ্জয় ঘোষ; তিনি এমন বিষয়গুলোর মধ্যে সূত্র খুঁজে পান যা অন্যরা দেখেন না। সঞ্জয়ের শিল্প সম্পর্কে ঔপন্যাসিক ও ভারতীয় একটি সংবাদপত্রের সম্পাদক রাজ কমল ঝাঁ বলেন, "তিনি (সঞ্জয়) এমন কিছু সৃষ্টি করেন যা আগে ছিল না। আর্ট লেবেলে তার শিল্পকর্ম বোতলের ভেতরে থাকা ওয়াইনের সঙ্গে সম্পর্ক তৈরির পাশাপাশি ওয়াইনের শক্তিতে বলীয়ান হয়ে উঠবে। তার আর্ট লেবেল শুধু একটি মার্কা (লেবেল) হবে না। এটা শিল্প ও সুরাকে একীভূত করবে।" মাত্র পাঁচ বছর বয়সে পোলিওতে হাত ও পায়ের কর্মক্ষমতা হারানোর দুই বছর পর সুস্থ হলেও ডান হাতটি চিরতরে অবশ হয়ে যায় সঞ্জয় ঘোষের। তবে তার এই প্রতিবন্ধত্ব কখনোই তার জন্য বাধা হয়নি। সমালোচকদের দৃষ্টিতে সঞ্জয়ের শিল্পকর্মগুলো সবসময়ই মর্মভেদী, সংবেদনশীল। স্বনামধন্য বাঙালি শিল্পী রাম কিঙ্কর বাজি, গোপাল ঘোষের কথা মনে করিয়ে দেয় তার সৃষ্টিগুলো। এ প্রসঙ্গে কাকার বলেন, "তার চিত্রকর্মগুলো আবেগিক ও ভৌতশূন্যতা দিয়ে তাড়িত।" ১৯২৪ সালে বিখ্যাত ফরাসি ওয়াইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শ্যাঁতো মোতোঁ রথচাইল্ড সর্বপ্রথম ওয়াইনের বোতলের লেবেলে চিত্রকর্ম ব্যবহার শুরু করে। এই লেবেলগুলো প্রতিষ্ঠানটির পণ্যের শুদ্ধতা ও মানের পরিচয়বাহক হয়ে উঠে। ১৯২৪ সালে প্রস্তুত ওয়াইনের বোতলে আর্ট লেবেল আঁকার জন্য বিখ্যাত পোস্টার আঁকিয়ে জ্যঁ কার্লুকে নিয়োগ করে শ্যাঁতো মোতোঁ রথচাইল্ড। বর্তমান সময়ে এই লেবেলটি বাণিজ্যিক চিত্রকর্মে 'কিউবিজম' এর প্রভাবের অন্যতম শ্রেষ্ঠ একটি নিদর্শন হয়ে রয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুক্ত ফ্রান্সে শান্তি ফিরে আসা উদযাপন এবং নবযাত্রার স্মারক হিসেবে শ্যাঁতো মোতোঁর মালিক ব্যারন ফিলিপ রথচাইল্ড তাদের ১৯৪৫ সালের ওয়াইন ব্র্যান্ডকে উৎসর্গ করেন। তিনি চিত্রশিল্পী ফিলিপ লিয়াঁকে নিয়োগ করেন যুদ্ধের সময় উইন্সটন চার্চিলের দেখানো বিখ্যাত 'ভি' চিহ্ন অবলম্বনে একটি নকশা আঁকার জন্য। এর পর ১৯৪৬ সাল থেকে প্রতিবছর একজন সমসাময়িক চিত্রশিল্পীকে ওই ব্র্যান্ডের আর্ট লেবেল আঁকার করার জন্য নিয়োগ দেয়া হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/এমএইচবি/২০১৮ ঘ.