শেরপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুর সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে এক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। আগুনে পুড়ে মারা গেছে তালেব (৮) নামে একটি শিশু।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) হ্লাচিং প্র" ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহকর্তা কিনাল উদ্দিন অগ্নিসংযোগের অভিযোগ এনে তার মামা শ্বশুরের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন।
ওসি মহিউদ্দিন জানান, উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘরাকান্দি চরদুবলাই গ্রামের কিনাল উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
আগুনে একটি বসত ঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ কিনালের ছেলে তালেব ও তিনটি গরু মারা যায়।
কিনাল অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার মামা শ্বশুর একই গ্রামের মারফত আলী ও তার লোকজন বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বাড়িতে আগুন দিয়েছে।
আগুন লাগানোর আগে বসত ঘরের দরজা বাইরে থেকে বেধে রাখা হয়। দরজা বাধা থাকায় ঘর থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে তার ছেলে তালেব মারা গেছে।
তিনি অভিযোগ করেন, আগুনে আরেক শিশু সন্তানসহ তিনিও আহত হয়েছেন।
এছাড়া নগদ ২২ হাজার টাকা, ধান চাল ও আসবাবপত্র পুড়ে দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24