বাােগরহাট, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে বৃহস্পতিবার রাতে এসকেন্দার শেখ (৩৬) নামে এক চিংড়ি ঘের মালিককে জবাই করে হত্যা করা হয়েছে।
চৌদ্দহাজারী গ্রামের মোজাম শেখের ছেলে এসকেন্দার রাতে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তাকে জবাই করে হত্যার খবর জানাজানি হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ তার স্ত্রী পারভীন বেগম (২৪) ও ছোট ভাই মাহামুদকে (২৮) গ্রেপ্তার করেছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে পারভীন বেগম পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সহযোগিতায় ঘুমন্ত এসকেন্দারকে জবাই করে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন।
পারভীন পুলিশকে বলেছেন- তিনি নিজে দরজা খুলে হত্যাকারীদের ঘরে ঢুকতে দিয়েছেন। পরে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরের পেছনে সিঁদ কেটে রাখেন। পরকীয়া প্রেম ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এসকান্দারকে হত্যা করা হয়েছে বলে পারভীন জানিয়েছেন।
তবে তদন্তের স্বার্থে হত্যাকারীদের নাম ও ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি ওসি আকরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24