২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ভুয়া ভোটার পরিচয়পত্রসহ চারজন গ্রেপ্তার

ভুয়া ভোটার পরিচয়পত্র তৈরির অভিযোগে বৃহস্পতিবার রাতে আশুলিয়া এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 06:07 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া ভোটার পরিচয়পত্র তৈরির অভিযোগে বৃহস্পতিবার রাতে আশুলিয়া এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় তিনজন চাকরিপ্রার্থী ভুয়া ভোটার পরিচয়পত্র জমা দিলে কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডেন্ডাবর এলাকার একটি স্টুডিওর কম্পিউটারে পুলিশ পরিচয়পত্রের 'সফটকপি' পায়। স্টুডিও মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চাকরিপ্রার্থী শামসুল আলম (২২), মঞ্জুরুল ইসলাম (২২), তরিকুল ইসলাম (২৩) এবং স্টুডিও মালিক ফিরোজ প্রামাণিক (৩০)। এদের মধ্যে শামসুল ইসলামের বাড়ি লক্ষীপুর, মঞ্জুরুলের ফরিদপুর, তরিকুলের নাটোর এবং ফিরোজ প্রামাণিকের বাড়ি জামালপুরে। আশুলিয়া থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, কয়েকদিন আগে আশুলিয়ার স্টার্লিং গ্র"পে চাকরির জন্য আবেদনের সময় ওই তিনজন ভোটার পরিচয়পত্র জমা দেয়। সেগুলো দেখে কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে বৃহস্পতিবার বিকেলে তাদের কারখানায় ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ তথ্য দেয়ায় আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তিন জন স্বীকার করে যে এসব পরিচয়ত্র ভুয়া। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ডেন্ডাবর এলাকার ফিরোজ স্টুডিওতে অভিযান চালায়। সেখান থেকে স্টুডিও মালিক ফিরোজকে গ্রেপ্তার করে। উপ পরিদর্শক মফিজুল জানান, এ ব্যাপারে একটি মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/জেকে/০০০৯ ঘ.