২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দুইশ' কোটি টাকার জমি বেহাত বসুন্ধরায় ও বোরাকে

বসুন্ধরা হাউজিং ও বোরাক বিল্ডার্স নামে দু'টি প্রতিষ্ঠানের কাছে প্রায় দুইশ' কোটি টাকা মূল্যের সরকারি জমি বেহাত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছে ভূমি মন্ত্রণালয়ে তদন্তরত দুর্নীতি দমন কমিশনের বিশেষ দল। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা হাউজিং ও বোরাক বিল্ডার্স নামে দু'টি প্রতিষ্ঠানের কাছে প্রায় দুইশ' কোটি টাকা মূল্যের সরকারি জমি বেহাত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছে ভূমি মন্ত্রণালয়ে তদন্তরত দুর্নীতি দমন কমিশনের বিশেষ দল। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল একথা বলেন। তিনি জানান, গুলশানের সাতটি মৌজার ৮০ দশমিক ২৯ একর সরকারি জমির সঙ্গে বসুন্ধরা হাউজিংয়ের কেরানীগঞ্জের ৮৫ একর জমি বদল করা হয়। পরে ওই জমি বেআইনিভাবে ভরাট করে বসুন্ধরা কর্তৃপক্ষ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এর ফলে সরকারের এক'শ কোটি টাকার সম্পত্তি বেহাত হয়েছে। বসুন্ধরা হাউজিংয়ের সঙ্গে সরকারি খাস জমি এওয়াজ বদল (জমি অদল-বদল) সংক্রান্ত কাগজপত্র ঘেঁটে এ তথ্য বের হয়েছে। অন্যদিকে, কাকরাইল মৌজায় রেডক্রিসেন্ট সোসাইটির নামে ০ দশমিক ৮২ একর জমি ৩০ বছরের জন্য লিজ দেয় সরকার। কিন্তু ২০০১ সালে রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ জমিটি স্থায়ী বরাদ্ধ চাইলে ভূমি মন্ত্রণালয় ওই লিজসহ আবেদনটি খারিজ করে দেয়। তবে ঢাকার তৎকালীন জেলা প্রশাসক আব্দুস সাত্তার খানের মাধ্যমে বেআইনিভাবে রেডক্রিসেন্ট ওই জমিটি স্থায়ী বরাদ্দসহ ১৮তলা ভবন নির্মাণের অনুমতি নেয়। পরবর্তিতে রেডক্রিসেন্ট সোসাইটি ওই জমি বোরাক বিল্ডার্সের সঙ্গে ভাগাভাগি করে। বোরাকের ৭৫ ভাগ ও রেড ক্রিসেন্ট ২৫ ভাগ এমন একটি অসম চুক্তি করা হয়। বোরাক বিল্ডার্স সেই জমিতে ২০ তলা ভবন নির্মাণ করে বিক্রি করে। এতে সরকারের প্রায় এক'শ কোটি টাকার সম্পত্তি বেসরকারি মালিকানায় হস্তান্তর হয়। হানিফ ইকবাল বলেন,"প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে। এখন তদন্ত চলছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯৩০ ঘ.