২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিখাত অগ্রাধিকার দিয়ে দ্বিতীয় পিআরএসপি অনুমোদন

কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে তিন বছর মেয়াদি (২০০৮-০৯ থেকে ২০১০-১১) দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২) অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 07:33 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে তিন বছর মেয়াদি (২০০৮-০৯ থেকে ২০১০-১১) দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২) অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)'র বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। পিআরএসপি-২ প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ইসমাইল হোসেন সাংবাদিকের একথা জানান। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের জুলাই মাসে প্রথমবারের মতো তিন বছর মেয়াদি পিআরএসপি গ্রহণ করা হয়। চলতি বছরের জুন মাসে এর মেয়াদ শেষ হয়েছে। নতুন পিআরএসপির খসড়ায় দেশের অর্থনৈতিক পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের মতো বিষয়গুলোর প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে দ্বিতীয় পিআরএসপিতে। এর সার-সংক্ষেপে বলা হয়েছে, ১৯৯১-৯২ সালে দেশের ৫৬ দশমিক ৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। ২০০০ সালে তা কমে ৪৮ দশমিক ৯ শতাংশে নেমে আসে। ২০০৫ সালে তা আরো কমে ৪০ শতাংশে নেমে এসেছে। অবশ্য ২০০৫ সালের পরের কোনো তথ্য দলিলে দেওয়া হয়নি। এমনকি প্রথম পিআরএসপি বাস্তবায়নের ফলে দেশে দারিদ্র্যের হার কমেছে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৩২০ ঘ.