২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিটিটিবির কোটি টাকার দুর্নীতির তথ্য ট্রুথ কমিশনে

আলমারি থেকে ফাইল ওঠানামার জন্য একদিনে ২৫৬ জন শ্রমিককে কাজে লাগিয়েছে সাবেক বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বর্তমান বিটিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, আক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলমারি থেকে ফাইল ওঠানামার জন্য একদিনে ২৫৬ জন শ্রমিককে কাজে লাগিয়েছে সাবেক বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বর্তমান বিটিসিএল)। বোর্ডের রাজস্ব ও প্রকৌশল শাখার কিছু কর্মকর্তা সামনে বা পেছনে শূন্য বাসিয়ে হাজারকে লাখ, লাখকে কোটি বানিয়ে ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন বিপুল পরিমাণ সরকারি টাকা। বিটিসিএল'এর কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর দেওয়া জবানবন্দি তদন্ত করতে গিয়ে এসব তথ্য পেয়েছে সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন)। বুধবার কমিশনের সাপ্তাহিক ব্রিফিংয়ে কমিশনের অন্যতম সদস্য মঞ্জুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বিটিসিএল এর প্রকৌশল শাখায় মাত্র এক অর্থ বছরে ১৪ কোটি টাকা এবং রাজস্ব শাখায় ৬ বছরে সাড়ে ১১ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। মঞ্জুর রশিদ বলেন, "জবানবন্দি ও তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য যাচাইবাছাই করার জন্য কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তদন্তসংক্রান্ত একটি ফাইল সংগ্রহ করেছে। সেই ফাইলেও অবিশ্বাস্য সব তথ্য পাওয়া গেছে।" তিনি জানান, এসব দুর্নীতির বিষয়ে সে সময় টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি করা হয়। যারা সেই কমিটিতে ছিলেন তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভাগীয় এ তদন্তের প্রতিবেদন ছিল অসমাপ্ত ও অপর্যাপ্ত। কমিশনের একটি সূত্র জানিয়েছে, অনুকম্পা চাইতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই করতে ইতোমধ্যে যে ১৭ জন কর্মকর্তাকে কমিশন তলব করেছে, তাদের মধ্যে ২ জন জবানবন্দি দিয়ে গেছেন। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিুর রহমান খান সাংবাদিকবদের বলেন, "এদের মধ্যে পুলিশের এক কর্মকর্তা আছেন যিনি রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত। যত পুরষ্কারই একজন পাক, সৎ না হলে কোনো সম্মান পাওয়ারই যোগ্য নন তিনি।" তিনি বলেন, "ট্রুথ কমিশনের কাজ নিয়ে আমরা কিছুটা হতাশ হলেও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।" চেয়ারম্যান বলেন, "এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদ কমিশনের অনুকম্পা চাইতে আসেনি। ব্যবসায়ী যারা এসেছেন, তাদের সংখ্যাও খুব অল্প। এ ব্যাপারে আসলে কমিশনের করণীয় কিছু নেই।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, ট্রুথ কমিশনে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করার সময় রয়েছে। এর বেশি সময় বাড়ানো সম্ভব নয়। কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে চেয়ারম্যান জানান, এ পর্যন্ত ৩১৪ জন কমিশনের কাছে অনুকম্পা চেয়ে আবেদন করেছে। এদের মধ্যে ২৪ জন ব্যবসায়ী, ২৫৩ জন সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের স্ত্রী ২৮ জন। ট্রুথ কমিশন ইতোমধ্যে ১৮১ জনের শুনানি শেষ করেছে। এদের মধ্যে ১২১ জনের ব্যাপারে প্রাথমিক রায় দেওয়া হয়েছে এবং ২৯ জনকে মার্জনাপত্র দেওয়া হয়েছে। যারা মার্জনা পেয়েছেন, তাদের এ পর্যন্ত ২১ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৮৩৩ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৮৩ জন ১০ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৯৬৩ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২২০২ ঘ.