চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক যুবককে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. হানিফ, মো. জামশেদ, আবদুল মোনাফ, হাসান মেম্বার, আবদুল হাদী, মো. সাইফুল, বশর মিস্ত্রী ও মো. দুলাল।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দেয়া হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১ জুন সন্দ্বীপ উপজেলার কেরামতীয়া মাদ্রাসা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. আলমগীর নামে এক যুবক নিহত হন। ওই দিন নিহতের চাচা আবুল হাশেম সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এনামুল হক জানান, তদন্ত কর্মকর্তা এই মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ২০০৬ সালের ১০ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়। আদালতে ১০ জন সাক্ষ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24