২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল কিনতে 'বোনাস' বাবাদ ২৫ কোটি টাকা বেশি গুণল সরকার

জ্বালানি তেলের বর্ধিত দামের কারণে মিল মালিকদের 'বোনাস' দিতে গিয়ে এ বছর অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করতে সরকারকে ২৫ কোটি টাকা বেশি গুণতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের বর্ধিত দামের কারণে মিল মালিকদের 'বোনাস' দিতে গিয়ে এ বছর অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করতে সরকারকে ২৫ কোটি টাকা বেশি গুণতে হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১ জুলাই জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার মিল মালিকদের প্রতি কেজি চালে ১ টাকা ২৫ পয়সা হারে 'বোনাস' দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে করে প্রতি কেজি চালের ক্রয়মূল্য দাঁড়ায় ২৯ টাকা ২৫ পয়সা। গত ১০ আগাস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই বর্ধিত দামে মিল মালিকদের কাছ থেকে চাল কিনতে সরকারকে ২৫ কোটি টাকা বেশি খরচ করতে হয়েছে। খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী বলেন, "মিল মালিকদের সঙ্গে বৈঠক করেই প্রতি কেজিতে ১ টাকা ২৫ পয়সা হারে বোনাস দেয়ার সিদ্ধান্ত হয়।" মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১২ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার গত ১৫ এপ্রিল চলতি বছরের বোরো সংগ্রহ অভিযান শুরু করে। এই অভিযানে ২৮ টাকা কেজি দরে সাড়ে ১২ লাখ টনে সরকারের ব্যয় হয় ৩৩৬ কোটি টাকা। সঙ্গে কেজিতে ১ টাকা ২৫ পয়সা হিসেবে বোনাস বাবদে ব্যয় হয় আরো ২৫ কোটি টাকা। এ কারণে অভ্যন্তরীণ বাজার থেকে চাল কিনতে সরকারের মোট ব্যয় দাঁড়ায় ৩৬১ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/জেকে