২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রিটের পূর্ণাঙ্গ শুনানি শুরু

জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের পূর্ণাঙ্গ শুনানি বুধবার হাইকোর্টে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের পূর্ণাঙ্গ শুনানি বুধবার হাইকোর্টে শুরু হয়েছে। বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ এই শুনানি শুরু করেন। বৃহস্পতিবারও শুনানি চলবে। রিটকারীদের একজন অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম শুনানিতে বলেন, সংবিধানের ১২৪ অনুচ্ছেদ অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়ন করার ক্ষমতা কেবল সংসদের রয়েছে। সীমানা পুননির্ধারণের আইন তৈরির এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। তিনি বলেন, "দেশের ১৪ কোটি লোকের কেউই বুকে হাত দিয়ে বলতে পারে না যে ১৮ ডিসেম্বর দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অনিশ্চয়তা তৈরির জন্য নির্বাচন কমিশনই দায়ী।" বিভিন্ন নির্বাচনী আসনের ভোটার সংখ্যায় বড় ধরনের পার্থক্য থাকার কথা উল্লেখ করে সব প্রার্থীর নির্বাচনী ব্যয় সমান রাখার বিধি নিয়েও প্রশ্ন তোলেন নুরুল ইসলাম। এ বি এম নুরুল ইসলাম বিকেল ৪টায় তার বক্তব্য শেষ করার পর নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আইন অনুযায়ী প্রতিটি সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এ পর্যায়ে আদালত বুধবারের কার্যদিবস শেষ হওয়ার ঘোষণা দেন। সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান গত ৬ আগস্ট নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি ওই গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুল জারি করে আদালত। অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমানও একই বিষয়ে আলাদা রিট করেছিলেন। পরে আদালত সবগুলো রিট একসঙ্গে শুনানির সিদ্ধান্ত নেয়। সরকার গত ১০ জুলাই তিনশ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/১৮২৫ ঘ.