মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাটতি মেটাতে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছি। এ জন্য সরকারের নীতিমালার অপেক্ষায় আছি। এটা চূড়ান্ত হলেই সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।"
ডেসকোর কর্মকর্তারা জানান, ক্রমাগত ঘাটতির কারণে ডেসকো নিজেই বিদ্যুৎ উৎপাদনের চিন্তাভাবনা করছে। ইতিমধ্যে ডেসকোর পরিচালনা বোর্ডে এ সংক্রান্ত একটি প্রস্তাব তোলা হয়েছে। সরকারি-বেসরকারি অংশিদারিত্বে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার যে নীতিমালা তৈরি করছে তার অধীনেই বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেবে ডেসকো।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, এ সংক্রান্ত নীতিমালার একটি খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। মতামতের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রনালয়ের মতামত পাওয়া গেলে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে।
খসড়া নীতিমালার একটি ধারায় বলা হয়েছে, সরকারি পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পুনবার্সন করা হবে। সরকার ওইসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা ও জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দেবে।
এই নীতিমালার আওতায় একটি পুরনো কেন্দ্র মেরামত করে উৎপাদনে যাওয়ার কথা ভাবছে ডেসকো।
নাম না প্রকাশের শর্তে ডেসকোর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে ডেসকোর ৭০০ কোটি টাকা জমা আছে। এ টাকা অলস জমিয়ে না রেখে বিনিয়োগ করলে ভালো হবে। এতে করে কম দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে; গ্রাহকদেরও হয়রানি কমবে।"
কর্মকর্তারা জানান, ডেসকো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে গত বছর গ্রীষ্ম মওসুমে প্রতি মাসে গড়ে ৫৫ কোটি টাকা এবং শীত মওসুমে ৪৪ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে। বাল্ক গ্রাহকদের ক্ষেত্রে সরকার বিদ্যুতের দাম বাড়ানোয় চলতি বছর অক্টোবর থেকে এখন মাসে ৮/৯ কোটি টাকা বেশি খরচ হবে।
ডেসকোর আওতাধীন এলাকায় (ঢাকা মহানগরীর কিছু অংশ) দৈনিক বিদ্যুতের চাহিদা ৩৫০ মেগাওয়াট। সরবরাহে ঘাটতির কারণে এ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ১০০ মেগাওয়াট লোডশেডিং করতে হয়।
ডেসকোর গ্রাহক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৫ হাজার। ২০০৭-২০০৮ অর্থ বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১০০ কোটি টাকা মুনাফা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/১৮২৭ ঘ.
bdnews24