২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভূয়া লাইসেন্সসহ মটর শ্রমিক নেতা গ্রেপ্তার

জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চল শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিককে (৪৯) ভূয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি ও বিতরণের অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

জয়পুরহাট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চল শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিককে (৪৯) ভূয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি ও বিতরণের অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব কার্যালয়ে ডেকে এনে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বিআরটিএ'র ভূয়া ৬টি সিল ও ১১৭টি ভূয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। রফিকুল ইসলাম রফিক জয়পুরহাট সদরের আরাফাত নগরের সোলায়মান আলী সরদারের ছেলে। রফিকের সহযোগী মটর শ্রমিক ইউনিয়নের পিয়ন রফিকুল ইসলাম (৩৮) এবং বাংলাশে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের দালাল হিসেবে পরিচিত আব্দুল গণিকেও (৫৩) ওই রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম পাঁচুরচক সোনারপাড়া গ্রামের দুদুু মিয়ার এবং আব্দুল গণি মাষ্টারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর শাহ্ আলী জানান, শ্রমিকদের কাছ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে রফিকুল ইসলাম রফিক ভূয়া ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিত। তিনি জানান, এ কাজের মাধ্যমে রফিকুল ইসলাম রফিক লাখ লাখ টাকা আয় করেছে। জয়পুরহাট শহরের আরাফাত নগরে তার তিনটি বাড়ি ও আটটি বাস রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১২ ঘ.