ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতির আশা-আকাঙ্খা রঙ-তুলিতে তুলে ধরে সমাজপতি ও সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ। (বিস্তারিত)
মঙ্গলবার বিকালে ওসমানী মিলনায়তনে ত্রয়োদশ এশীয় চারুকলা প্রদর্শনী ০৮ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মাসব্যাপী এ চারুকলা প্রদর্শনী চলবে।
বাংলাদেশ ছাড়াও ২৭টি দেশের ১০৯ জন শিল্পীর শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পাবে।
প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী ভাষণে বলেন, ১৯৮১ সালে যে উৎসবের যাত্রা শুরু, মাত্র ২৭ বছরে এর ব্যাপ্তি এশিয়া ছাড়িয়ে বিস্তৃত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সুদুর আফ্রিকা মহাদেশে। আজ এই উৎসব পরিণত হয়েছে আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশরূপে।
তিনি বলেন, বিশ্বায়নের তীব্র প্রতিযোগিতায় এই সময়ে প্রাচ্যের সুমহান ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ উত্তরাধিকার এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের নিজস্ব শিল্প ও সংস্কৃতির বিকাশে আরও মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা তাই প্রবলভাবে অনুভূত হচ্ছে।
শিল্প বিকাশে সামাজিক ও অর্থনৈতিক পৃষ্ঠপোষকতার অপরিহার্যতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দেশে বিদেশে প্রদর্শনী আয়োজনের জন্য কর্পোরেট হাউস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে। বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশী কমিউনিটিকে আরও উদ্যমী হতে হবে।
সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ভুঁইয়া শফিকুল ইসলাম ও চিত্র শিল্পী মাহমুদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সোমবার এক মতবিনিময় অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জানান এ পর্যন্ত ২৩টি দেশের ১০২ জন শিল্পীর ২১৩টি শিল্পকর্ম এসে পৌঁছেছে। বাংলাদেশী শিল্পীদের বাইরে মোট ২৩৬টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। এর মধ্যে থাকবে ২১৫টি চিত্রকর্ম, ১৮টি ভাস্কর্য এবং জাপান, ওমান ও ইন্দোনেশিয়ার তিনটি স্থাপনা শিল্পকর্ম।
বাংলাদেশের ১৯৪ জন শিল্পীর ২৩৪টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
প্রদর্শনী আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/এসকে/২০৩০ঘ.
bdnews24