চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বন সংরক্ষক এম আতিকুল আজমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক আবুল কালাম আজাদ দুপুরে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় বন সংরক্ষক আতিকুল আজমের বিরুদ্ধে ২৭ লাখ ৩৪ হাজার ৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি কমিশনে সম্পত্তির যে হিসাব জমা দেন তা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
দুদক কর্মকর্তা বলেন, ঘোষিত সম্পদের বাইরেও আতিকুল আজম ১৪ লাখ ৭০ হাজার ১১৩ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বলে অনুসন্ধানে পাওয়া গেছে।
সম্পদ বিবরণীর সঙ্গে প্রকৃত আয়ের অসঙ্গতি, তথ্য গোপন ও অর্জিত সম্পত্তির যথাযথ উৎসের প্রমাণ না পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইন, ও জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় এ মামলা দায়ের করা হয়েছে বলে আবুল কালাম আজাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/১৯৩৩ঘ.
bdnews24