ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিচারিক আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার শুনানি ৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে।
আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায় আদালত মুলতবি করেন।
শেখ হাসিনার আইনজীবীরা আদালতকে বলেন, আগামী ২৯ অক্টোবর উচ্চ আদালতে মামলাটি বাতিলের জন্য আসামি পক্ষের দায়ের করা আবেদনের চুড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। এই অবস্থায় এক মাসের জন্য আদালত মুলতবি করা হোক।
এই অবস্থায় বিচারক তিন সপ্তাহের জন্য আদালত মুলতবি করেন।
এ দিন শেখ হাসিনার পক্ষে ব্যক্তিগত হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট সহিদুল ইসলাম সরদার।
গত ১৩ আগস্ট হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।
৭ জুলাই মামলা দুটির নিম্ন আদালতের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। পরে এর মেয়াদ আরও বাড়ানো হয়।
গত বছরের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে 'অবৈধ পন্থায়' বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ' ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কমিশন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার বিগত সরকারের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও নাইকো নিয়ে একটি আলাদা মামলা হয়েছে।
শেখ হাসিনা গত ১১ জুন প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭৪০ঘ.
bdnews24