২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন জুয়েলার্সে ডাকাতি, পুলিশ বলছে রহস্যজনক

রাজধানীর সোবহানবাগের প্রিন্স প্লাজায় আমিন জুয়েলার্সে মঙ্গলবার সকালে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মীরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর সোবহানবাগের প্রিন্স প্লাজায় আমিন জুয়েলার্সে মঙ্গলবার সকালে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মীরা। তবে বিপণী বিতানের ক্লোজসার্কিট টেলিভিশনে ডাকাতির কোনও চিত্র ধরা না পড়ায় বিষয়টি 'রহস্যজনক' বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। আমিন জুয়েলার্সের ওই শাখার ব্যবস্থাপক রাখাল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে ১০-১২ জন ডাকাত দোকানে ঢোকে। তারা অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।" দোকানের কর্মচারী বিমল রায় বলেন, "প্রথমে ২/৩ জন ডাকাত ক্রেতা সেজে ভেতরে ঢোকে। পরে অন্য কয়েকজন তাদের সঙ্গে যোগ দেয়। তিন ভাগে ভাগ হয়ে তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের হাতে ছিল পিস্তল, চাপাতি ও ককটেল। ডাকাতদের কয়েকজন দরজার কাছে ছিল, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে।" বিমল জানান, ডাকাতরা স্বর্ণালঙ্কার একটি ব্যাগে ভরে দ্রুত একটি অটোরিকশায় চড়ে চলে যায়। দোকানের কয়েকজন কর্মচারী পিছু ধাওয়া করলেও ডাকাতদের ধরতে পারেনি। পাশের দোকান রাজলক্ষ্মী জুয়েলার্সের কর্মচারী সজল কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। তাদের পেছন পেছন আমিন জুয়েলার্সের কর্মচারীরা 'ধর ধর' বলে ধাওয়া করে।" কী পরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়েছে জানতে চাইলে ব্যবস্থাপক রাখাল কর্মকার বলেন, "এর হিসেব এখনও করা হয়নি। তবে লুণ্ঠিত অলঙ্কারের পরিমাণ ৪০০ ভরির কম হবে না। আর স্বর্ণালংকারের মধ্যে ২২২টি বিভিন্ন ওজনের চেইন রয়েছে।" রাখাল কর্মকার জানান, সকাল সাড়ে ১০টায় তিনি দোকান খোলেন। এরপর ১১টার দিকে সিসিটিভি চালু করা হয়। তবে সিসিটিভিতে ডাকাতির কোনও চিত্র ধরা পড়েনি বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (তেজগাঁও বিভাগ) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রাখাল কর্মকার বলেছেন,সকাল ১১টার দিকে সিসিটিভি চালু করা হয়। সাড়ে ১১টার দিকে ডাকাতি হয়েছে। অথচ সিসিটিভিতে এ ঘটনার কিছুই রেকর্ড হয়নি।" 'বিষয়টি রহস্যজনক'- এ মন্তব্য করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "ঘটনার সঙ্গে দোকানের কর্মচারীরা কেউ জড়িত কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।" এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিসিটিভি যাচাই করে রাখাল কর্মকারের বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। ঘটনার অনেক পরের দৃশ্য রেকর্ড রয়েছে। ঘটনার আগের কোন দৃশ্য নেই। মো. সোলায়মান বলেন, ডাকাতির ঘটনা ক্যামেরায় রেকর্ড হলোনা কেন সেটাই এখন সবার প্রশ্ন। 'রহস্য' উদঘাটনের জন্য দোকানের ৫ কর্মচারি ব্যবস্থাপক রাখাল কর্মকার,বিক্রয় কর্মী জয় গোস্বামী,বিমল চন্দ্র, সমীর দাস এবং জিল্লুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯১৬ঘ.