২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঝিনাইদহ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) রোকেয়া বেগম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর উপজেলার বহিরগাছি গ্রামের আজিবর মণ্ডলের ছেলে ইউনুছ মণ্ডল, সাবদালপুর গ্রামের ইনসান মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম, দয়ারামপুর গ্রামের ওমর আলীর ছেলে হায়দার আলী ও ছয়খাদা গ্রামের টেংরা মণ্ডলের চেলে ফজলু মণ্ডল। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- বহিরগাছি গ্রামের ফকিরচাঁদ মণ্ডলের ছেলে বিশে মণ্ডল ও একই গ্রামের আহম্মদ আলী বিশ্বাসের ছেলে ছানারুদ্দিন বিশ্বাস। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি নুরুল ইসলাম ওরফে চুন্নুকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ১৯৯৮ সালের ১১ জুলাই সন্ধ্যায় সাবদালপুর গ্রামের আলমগীর হোসেন ওরফে ইয়ান্নবী গ্রামের বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় আসামিরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আলমগীরের বড় ভাই বশির উদ্দিন কোটচাঁদপুর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ও ছানারুদ্দিনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেন। তবে আদালত এ দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও আব্দুল হক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এমএ মজিদ, বশির আহমেদ, জিয়া উদ্দিন আহমেদ ও আনোয়ার উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৫ ঘ.