চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নগরীর একটি বাসা থেকে বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে সোমবার রাতের এ অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বায়েজীদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকার মো.বক্করের চার তলা বাসার চতুর্থ তলায় এসব ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামের মাধ্যমে দীর্ঘ দিন থেকে বিদেশে অবৈধভাবে কল করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
বায়েজীদ থানার উপপরিদর্শক মো. ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাড়ে নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, অভিযানের সময় খালি এ ফ্ল্যাট থেকে ১৮টি টেলুলার সেট, একটি কুইন্টাম, একটি মাইক্রোনেট, কম্পিউটার সরঞ্জাম, ইউপিএস, ব্যাটারি ও অ্যান্টেনাও বিপুল পরিমাণ তার এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা দায়ের করা হয়েছে বলে উপপরিদর্শক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৫৪৯ঘ.
bdnews24