ফরিদপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরপুর উপজেলায় চৌদ্দরশি ও কৃষ্ণপুর বাজারে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার ২৬টি পাটের গুদাম পুড়ে গেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, বিকেল সোয়া ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অগ্নিকাণ্ডে চৌদ্দরশি বাজারে ১০টি পাটের গুদাম পুড়ে যায়।
রাত ১১টার দিকে ওই বাজারেই আবার আগুন লাগে। এ সময় আরও ছয়টি পাট গুদাম পুড়ে যায়।
একবার আগুন নিভে যাওয়ার পর আবার কেন লাগল তার কারণ জানাদে পারেননি পুলিশ কর্মকর্তা।
ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি জানান, বিকেলের অগ্নিকাণ্ডে গুদামগুলোর চার হাজার মন পাট ও কয়েকশ বস্তা কালিজিরা পুড়ে গেছে।
রাতের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কৃষ্ণপুর বাজারে আগুন লাগে দুপুর ১২টার দিকে।
সদরপুর থানার উপ-পরিদর্শক এইচএম জালাল উদ্দিন জানান, আগুনে ছয়টি পাটের গুদাম সম্পূর্ণ এবং চারটি আংশিক পুড়ে যায়।
স্থানীয় জনতা, পুলিশ ও দমকল এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে কৃষ্ণপুর বাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১৫৫ ঘ.
bdnews24