কক্সবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিয়ানমার থেকে দেশে 'মাথাবিহীন' চিংড়ি পাচার রোধের দাবি জানিয়েছে কক্সবাজারের চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা।
অবৈধ পথে আনা মিয়ানমারের এসব চিংড়ি বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের চিংড়ি খাতকে হুমকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।
'কক্সবাজার জেলা মৎস্যজীবী' এ ব্যানারে সোমবার বিকেলে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা।
মিয়ানমার থেকে দেশে চিংড়ি পাচার রোধ না করলে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিংড়ি উন্নয়ন ও সরবরাহকারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
তিনি বলেন, সরকারি ভাবে 'মাথাবিহীন' চিংড়ি কেনা ও প্রক্রিয়াজাতকরণে নিষেধাজ্ঞা থাকলেও একটি মহল ওই চিংড়ি কিনে বিদেশে রপ্তানি করছে। এতে দেশের চিংড়ি শিল্পের সঙ্গে জড়িত চাষী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এছাড়া মান নিয়ন্ত্রিত না হওয়ায় অদূর ভবিষ্যতে চিংড়ি রপ্তানিই বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে কক্সবাজার সী-ফুডস নামে একটি প্রতিষ্ঠানকে দায়ী করে বলা হয়, মিয়ানমার থেকে অবৈধ পথে আসা ৯৯ শতাংশ চিংড়ি এ প্রতিষ্ঠানটি কিনে আইন লঙ্ঘন করছে।
রেজাউল করিম রেজা বলেন, দেশের চিংড়ি শিল্পকে ধ্বংস করার জন্যই গত দুবছর ধরে কতিপয় 'দেশদ্রোহী' মিয়ানমার থেকে 'মাথা ছেঁড়া' চিংড়ি এনে বিদেশে রপ্তানি করছে।
তিনি দাবি করেন, এসব চিংড়ি প্রক্রিয়াজাতকরণে কোন নিয়মনীতি মারা হয় না বলে রপ্তানির পর তা আবার ফেরত আসছে। কয়েকদিন আগে ইউরোপ থেকে ৭০০ কোটি টাকার চিংড়ি ফেরত এসেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- চিংড়ি উন্নয়ন ও সরবরাহকারী সমিতির নেতা এনামুল হক, চিংড়ি ব্যবসায়ী আবদুর রহিম চৌধুরী, পালংখালী মৎস্য চাষ উন্নয়ন ও সরবরাহকারী সমিতির সভাপতি রাজিবুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে কক্সবাজার সী-ফুডস এর নির্বাহী পরিচালক জিয়াউল হক চৌধুরী জিয়া সমিতির অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাহিদা পুরণের জন্য আমরা বৈধভাবেই মিয়ানমার থেকে চিংড়ি আমদানি করি। ব্যাবসায়িক কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24