নিউইয়র্ক, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের নিজস্ব পোশাক ব্র্যান্ড নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাণিজ্য মেলা 'মেড ইন বাংলাদেশ' রোববার শেষ হয়েছে। এতে বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ আশানুরূপ না হওয়ায় হতাশ হয়েছেন মেলায় উদ্যোক্তারা।
মেলায় অংশ নেয়া বাংলাদেশী পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান, প্রবাসী বাংলাদেশীদের আগ্রহ উৎসাহব্যঞ্জক ছিল, তবে বিদেশী ক্রেতাদের অংশগ্রহণ ছিল খুবই কম।
আমজাম ফ্যাশনের মালিক আজিমা রহমান বলেন, " ক্রেতাদের বেশিরভাগই বাংলাদেশী। মাত্র দুজন শ্রীলঙ্কার ব্যবসায়ী আমাদের স্টল দেখেন এবং পণ্য সম্পর্কে খোঁজ-খবর নেন।"
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর স্টলটি প্রায় দর্শনার্থী বঞ্চিত ছিল বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
৩০টির বেশি স্টল নিয়ে গত শুক্রবার মেলাটি শুরু হয় । মেলার স্পন্সর ছিল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।
এদিকে একই এলাকার হোটেল হিলটনে শনিবার থেকে আবাসন মেলা 'রিহ্যাব হাউজিং ফেয়ার' চলছে। মেলায় যথেষ্ট দর্শনার্থী আসলেও বিক্রি কম বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক সংস্থা রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর প্রতিনিধি জানান, সাধারণত শেষ দিনে বিক্রি বাড়ে।
মেলা দেখতে আসা আলমগীর হোসেন বলেন, "গত বছর যে ফ্ল্যাটের দাম ৪৫ লাখ টাকা ছিল, এবছর তা বেড়ে ৮৫ লাখ টাকা হয়েছে। আমি এবার কিনতে এসেছিলাম, কিন্তু কিনতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24