চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তজার্তিক বিমানবন্দরের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মানব বন্ধন ও মৌন মিছিলে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে মৌন মিছিল এবং মানব বন্ধনে অংশ নেয়ায় তিন শিক্ষককে ডেকে আন্দোলন বন্ধ করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম।
সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মীর মোশারফ হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ গোলাম কবীর ও চারুকলা বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে মানব বন্ধন ও মৌন মিছিলে অংশ নেন।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, মুক্তমঞ্চ ও কলা অনুষদের সামনে মুখে কালো কাপড় বেধে মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কর্মীরা।
মানব বন্ধন শেষে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মৌন মিছিল করতে গেলে পুলিশসহ প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন এসে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেন। তিনি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোন কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ন এ আন্দোলনে বাধা দেয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে।
এদিকে মানবনন্ধনে অংশ নেয়ায় ওই তিন শিক্ষককে উপাচার্য কার্যালয়ে ডেকে পাঠানোর বিষয়ে বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মীর মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্য আমাদেরকে ডেকে নিয়ে দু'ঘণ্টা বসিয়ে রেখেছেন। এরপর শিক্ষার্থীদের এই আন্দোলনের জন্য তিনি আমাদের দোষারোপ করেন এবং আন্দোলন বন্ধ করার নির্দেশ দেন।"
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, "লালন আমাদের আমাদের গৌরব । লালনের ভাস্কর্য নিয়ে যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা একটু সহানুভুতি জানাতে পারব না? একটু মৌন মিছিল আর মানবন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি এমন ক্ষতি হয়েছে? এ রকম হলে তো এদেশে বাস করা যাবে না।"
উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সঞ্চয় মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শান্তিপূর্ন মিছিলে প্রক্টর বাধা দিয়েছেন। তিনি আমাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়েছেন। আমরাতো অযৌক্তিক কিছু করছি না বা বিশ্ববিদ্যালয়ের কোন শৃঙ্খলাও ভঙ্গ করছি না।"
এ ব্যাপারে প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, "ক্যাম্পাসে অনুমতি ছাড়া সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ। আমি বাধা দেয়ার পরও তারা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। তারা আমার কথা শোনেনি।"
ভাস্কর্য অপসারনের প্রতিবাদ মিছিলের পরপর ছাত্র শিবির একটি পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ এ মিছিলে কোনো বাধা দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/টিএইচ/জিএনএ/২০০৬ ঘ.
bdnews24