নওগাঁ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পত্মীতলা উপজেলার যদুবাটি এলাকায় সোমবার ভোররাতে চোরাকারবারী ও ছিনতাইকারীদের সংঘর্ষে এনামুল হক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত এনামুল যদুবাটি গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের খোকার ছেলে করিম (২০), গিয়াসউদ্দিনের ছেলে শরিফুল (৩৮) ও খোরশেদ আলম (৪২) এবং হারুনুর রশিদের ছেলে আবু ইউসুফকে (২৩) পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পত্মীতলা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী সীমান্ত দিয়ে চোরকারবারীরা ভারত থেকে পণ্য নিয়ে আসার সময় ভোররাত ৪টার দিকে যদুবাটি এলাকায় ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
তিনি জানান, সংঘর্ষে এনামুল গুরুতর আহত হন। পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই শহিদুল্লাহ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24