ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক পদে যোগ দিতে 'লিয়েনে' (বিশেষ ছুটি) যাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া। এজন্য রোববার তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া যুগ্ম-সচিব, উপ-সচিব ও সহকারী সচিব পর্যায়ের বেশকিছু পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো অভিযোগ বা অন্য কোনো কারণে নয়, একটি বিদেশি মিশনে লিয়েনে যাওয়ার জন্য তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে। তবে ওই পদে নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
এ ব্যাপারে আমিনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এডিবির বিকল্প নির্বাহী পরিচালক পদে যোগ দেওয়ার জন্য সরকার আমাকে 'লিয়েন' দিয়েছে। আগামী ১ নভেম্বর এ পদে যোগ দিতে পারব বলে আশা করছি।"
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব মো. রফিকুজ্জামানকে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনের জন্য বিনিয়োগ বোর্ডে ন্যস্ত করা হয়েছে।
চার উপ-সচিবের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মসিউর রহমানকে একই মন্ত্রণালয়ে ওএসডি নিয়োগ করা হয়েছে এবং উপ-সচিব পার্থ প্রতিম দেবকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ও ওএসডি উপ-সচিব জেসমীন আক্তারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল মজিদ শাহ আকন্দকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে ২১ জন সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২২১১ ঘ.
bdnews24