২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনগুন মামলা করার কথা খালেদা বলেননি: আইনজীবী

'ক্ষমতায় গেলে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তিনগুন মামলা হবে '- খালেদা জিয়া এ ধরনে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 08:13 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্ষমতায় গেলে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তিনগুন মামলা হবে '- খালেদা জিয়া এ ধরনে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান। রোববার সকালে সাংবাদিকদের তিনি বলেন,'' ম্যাডাম খালেদা জিয়ার এরূপ মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। অ্যাডভোকেট জাকির ম্যাডামের বরাত দিয়ে যে কথা বলেছেন, তা সঠিক নয়।'' পরে অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের কাছে নিজের ভুল স্বীকার করে বলেন,''ক্ষমতায় গেলে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তিনগুন মামলা হবে- ম্যাডাম এমন কোনো কথা আমাকে বলেননি। আমার অসর্তকতার কারণে এটি হয়েছে। '' সকাল সাড়ে ১১ টায় বিজয় নগরে মাহতাব প্লাজায় নিজ চেম্বারে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাংবাদিকদের ডেকে কথা বলেন। তিনি বলেন, '' গত ১৬ অক্টোবর ঢাকার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন খালেদা জিয়া। হাজিরার পর সেখানে আমার সহকর্মী আইনজীবী অ্যাডভোকেট জাকির ম্যাডামের বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এরকম বক্তব্যে গোটা জাতি ও সরকারের বিভিন্ন মহলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। '' আজম খান দাবি করেন, মামলার পর অ্যাডভোকেট জাকিরের সঙ্গে ম্যাডামের কোনো কথাই হয়নি। খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গত ১৬ তারিখ বিভিন্ন গণমাধ্যম ও ইলেক্টনিক মাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এরপর তার অবসান হবে। বড় পুকুরিয়া কয়লা খনি মামলার হাজিরার দিন অ্যাডভোকেট জাকির উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,'' ম্যাডামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে এই অগনিতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তিন গুন মামলা হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪০০ ঘ.