ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ে "বাংলাদেশ গণহত্যা '৭১" এর ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
উপস্থিত বিদেশি শিক্ষার্থী ও সুধীজনের মধ্যে যুগপৎ বিস্ময় ও ক্ষোভের সঞ্চার করে বাংলাদেশে দখলদার পাকিস্তানি বাহিনীর পরিচালিত গণহত্যার তথ্য যা তাদের অনেকের কাছেই ছিল অজানা।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ও সিডনিভিত্তিক সংগঠন 'জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১' এর কেন্দ্রীয় আহবায়ক ড. আবুল হাসনাৎ মিল্টন। 'স্কুল অব ল' এ সেমিনারের আয়োজন করে।
ইউনিভার্সিটি হাউজ লেকচার থিয়েটারে পাওয়ার পয়েন্টের উপস্থাপনা শেষে বাতি জ্বলে উঠতেই দর্শক সারিতে দেখা যায় অনেকগুলো অশ্র"সিক্ত চোখ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য ও আইন বিভাগের এক ছাত্রী জানতে চান, "এত মর্মান্তিক গণহত্যার কথা কেন আমরা এতদিন জানতে পারি নি? জাতিসংঘও তো একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।"
আরেকজন ছাত্রী বলেন, "এতদিন বিচার হয়নি বলে বাংলাদেশের মানুষের হতাশ হবার কিছু নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের যদি এখনো খুঁজে খুঁজে বের করে বিচারের সম্মুুখীন করা যায়, তাহলে একাত্তরের যুদ্ধাপরাধীদেরও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।"
মূল প্রবন্ধে ড. মিল্টন মুক্তিযুদ্ধের পটভূমিকা, যুদ্ধকালীন অপরাধ, যুদ্ধাপরাধী পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের বাংলাদেশী সহযোগীদের ভূমিকা এবং বিচারের সম্ভাব্যতার দিকগুলো তুলে ধরেন। উপস্থাপনার মাঝে মাঝে তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর নির্মমতার দৃশ্য সম্বলিত বিভিন্ন প্রামাণ্য চিত্রের অংশবিশেষ দেখান।
এবছর থেকে নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব ল'-র 'পাবলিক ইন্টারন্যাশনাল ল' কোর্সের পাঠ্যসূচিতে বাংলাদেশে ১৯৭১ সালে পরিচালিত গণহত্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেমিনারের অন্যতম আয়োজক ছিলেন 'পাবলিক ইন্টারন্যাশনাল ল' কোর্সের সমন্বয়কারী এমি ম্যাগিউর।
সেমিনারে আইন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবুল শামসুদ্দিন, সিনিয়র লেকচারার ড. জামিল খান, বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাব্বির সিদ্দিকী, ডা. ফখরুল ইসলাম, সিডনি থেকে আসা তরুণ আইনজীবী কামরুল ইসলামসহ উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২২০ ঘ.
bdnews24