চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাউজানের কদলপুর এলাকা থেকে একটি এলএমজি ও একটি এসএলআরসহ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। রাউজানের সন্ত্রাসী দল মোসলেম বাহিনীর প্রধান মোসলেম খানের বাড়ির চত্বর থেকে এ দুটি স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়াও এলএমজির ৫১ রাউন্ড ও এসএলআরের ৬৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে চালানো এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর শেখ রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি মোসলেম দীর্ঘদিন থেকে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। বৃহস্পতিবার রাতে অস্ত্রের লেনদেন হতে পারে খবর পেয়ে র্যাব সদস্যরা মোসেলেমের কদলপুরের বাড়িতে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে র্যাব বাড়ির ড্রেন থেকে এসব অস্ত্র উদ্ধার করে।"
মেজর আমিন আরও জানান, মোসলেম বাহিনী ছাড়াও রাউজানের আজিম উদ্দিন মাহমুদ, ফজল হক ও আজিজের নেতৃত্বে তিনটি পৃথক সন্ত্রাসী দলের কাছে বেশ কিছু আধুনিক অস্ত্র ও গুলি রয়েছে। র্যাব তাদের ধরতে ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/১৮৩৬ ঘ.
bdnews24