রাজশাহী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
নিহতের নাম মাসুদ ওরফে আকাশ (২৮)। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ায়ও এক চরমপন্থী পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবউদ্দিন খলিফা সাংবাদিকদের বলেন, "বাগমারার তাহেরপুর গ্রামে একটি আমবাগানে চরমপন্থীরা শুক্রবার ভোরে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।"
দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায় জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ মাসুদের লাশ পাওয়া যায়।"
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
মাসুদের বাড়ি বাগমারার রামরমা গ্রামে। তিনি হত্যাসহ নানা অভিযোগের ডজনখানেক মামলার পলাতক আসামি বলে পুলিশ জানায়।
স
bdnews24