ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ১৩৫টি শিশুকিশোর সংগঠনগুলোর মোর্চা 'শিশু সুরক্ষা আন্দোলন'।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এতে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক এর কান্ট্রি ডিরেক্টর নিলস বেনজেন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রহমান,বিএনডব্লিউএলএ নির্বাহী পরিচালক সালমা আলী, ইমরানুল হক চৌধুরী, নির্বাহী পরিচালক উদ্দীপন এবং শিশু প্রতিনিধি পপি।
উপস্থিত শিশুদের ইচ্ছে অনুযায়ী ছবি এঁকে 'শিশু সুরক্ষা আন্দোলন' এর পথ চলার আনুষ্ঠানিক ঘোষণা দেন মুস্তাফা মনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আজ এবং আগামীর পৃথিবী শিশুদের জন্য নিরাপদ করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। আজকের শিশুরা নিরাপদ হলে আগামীর পথচলা সুগম হবে।"
এরপর প্রদর্শিত হয় পাপেট শো। শিশুরা প্রদর্শনী উপভোগ করে। তাছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল শিশু সুরক্ষা আন্দোলন' ভুক্ত সংগঠনের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী, গান এবং কৌতুক নকশা। কুইজের পুরস্কার বিতরণী এবং অতিথি শিল্পীদের গানের আসবের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠানমালা।
'ইচ্ছে মিডিয়া', 'চাইল্ড ব্রিগেড', 'ভোরের আলো', 'এন সি টি এফ', 'বিলস', 'অপরাজেয় বাংলাদেশ' এবং সেভ দ্যা চিল্ড্রেন সুইডেন-ডেনমার্কের সহযোগী বড়দের ২১টি সংগঠনের ৪০টি শিশু ক্লাব এই মোর্চায় একজোট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮০০ ঘ.
bdnews24