ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মোট ক্যান্সার আক্রান্তের ৩০ শতাংশই মুখগহ্বরের ক্যান্সারের রোগী। এতে প্রতি বছর গড়ে দুই লাখ লোক আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মুখের ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওরাল ক্যান্সার ফাউন্ডেশনের (বিওসিএফ) জাতীয় সম্মেলনে চিকিৎসকরা এ তথ্য জানান।
তারা বলেন, সচেতনতার অভাবে দেরিতে চিকিৎসা নেওয়ায় এক্ষেত্রে চিকিৎসকদের করার কিছু থাকে না। তবে একটু সচেতন হলেই এ রোগ প্রতিরোধ সম্ভব।
বিওসিএফ-এর জাতীয় সম্মেলনের অংশ হিসেবে শুক্রবার আগারগাঁওয়ে এলজিডিই মিলনায়তনে মুখের ক্যান্সার নিয়ে সাতটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিভিন্ন চিকিৎসকরা এতে আলোচনা করেন।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. এমআর খান বলেন, "মুখের ক্যান্সার বর্তমানে একটি বড় সমস্যা। মোট ক্যান্সার আক্রান্তের ৩০ ভাগই মুখের ক্যান্সারের রোগী। বিড়ি, সিগারেট, পান-জর্দা, তামাক পাতা ও গুল এ রোগের জন্য দায়ী। মুখের ক্যান্সার রোধে এগুলো পরিহারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে।"
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ বলেন, "এ দেশে প্রতি বছর দুই লাখ লোক মুখের ক্যান্সারে আক্রান্ত হয়। সচেতনতার অভাবে আক্রান্ত ব্যক্তি অনেক দেরিতে যখন আমাদের কাছে আসেন, তখন আমাদের ব্যথিত হওয়া ছাড়া করার কিছুই থাকে না। নীরবে চেয়ে দেখি তাদের করুণ মৃত্যু।"
তিনি বলেন, "ভারতীয় উপমহাদেশে এই রোগ বেশি হয়। কিন্তু একটু সচেতন হলেই এর প্রতিরোধ করা সম্ভব। প্রথমে এটা ছোট আকারে দেখা দেয়। এরপর ধীরে ধীরে তা বেড়ে জটিল আকার ধারণ করে।"
সেমিনারে মুখের ক্যান্সার সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ডা. তানজিনা আফরিন বান্না।
প্রতিবেদনে তিনি বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৫ সালে সারাবিশ্বে ৭৬ লাখ লোক ক্যান্সারে মারা গেছে। কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এ রোগে আগামী ১০ বছরে ৮ কোটি ৪ লাখ লোক মারা যাবে।"
ডা. তাজরিন জানান, বিশ্বের মোট ক্যান্সার রোগীর ৭০ ভাগই নিম্ন আয়ের দেশগুলোর। প্রথম দিকে চিকিৎসা শুরু করলে এর ৪০ ভাগের ক্ষেত্রে এ রোগ প্রতিরোধ সম্ভব।
"মুখ ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরাই নয়, তাদের পরিবারের সদস্যদেরও দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি আর্থিকভাবেও পঙ্গু হয়ে পড়ে ওই পরিবারগুলো"-- প্রতিবেদনে বলা হয়।
বিওসিএফ এর সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, বিজিএমইএ'র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক সাইফুল আলমসহ চিকিৎসকরা এতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/জিএনএ/১৭৫২ ঘ.
bdnews24