ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার করা আবেদনের ওপর বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি হবে।
খালেদার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বুধবার বিকেলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে আবেদন জানালে আদালত শুনানির দিন নির্ধারণ করে দেয়।
সাবেক প্রধানমন্ত্রীর আরেক আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এর আগে বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বের দ্বৈত বেঞ্চে পাঠিয়েছিলেন। কিন্তু বিচারপতি মোজাম্মেল হোসেন ছুটিতে থাকায় প্রধান বিচারপতি আবার আবেদনটি শুনানির জন্য বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে পাঠান। ওই বেঞ্চে বৃহস্পতিবার শুনানি হবে।"
গত ১৪ অক্টোবর বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করে নথিটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।
বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য গত ১২ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
এদিকে, একই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিনের আবেদনের শুনানির জন্য তার আইনজীবীরা চেষ্টা করলেও বুধবার তা অনুষ্ঠিত হয়নি।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন জামায়াতের সেক্রেটারি জেনারেলের আবেদনটি বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বের দ্বৈত বেঞ্চে পাঠালে আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুনানির আবেদন জানান। কিন্তু আদালত আগামী রোববার এ আবেদনের শুনানির প্রার্থনা জানানোর পরামর্শ দেয়।
এরপর মুজাহিদের আইনজীবীরা বিচারপতি এ কে এম ফজলুর রহমানের নেতৃত্বের দ্বৈত বেঞ্চে আবেদনটি নিয়ে গেলে ওই আদালতও একই সময়ে শুনানির প্রার্থনা জানানোর পরামর্শ দেয়।
বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর খালেদা জিয়া ও মুজাহিদসহ ১৬ জনকে আসামি করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24