২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযানে বাধা এলেও থেমে থাকব না: মশহুদ

দুর্নীতিবিরোধী অভিযানে বাধা এলেও কমিশনের কাজ থেমে থাকবে না বলে জানিয়েছেন হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

বরিশাল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবিরোধী অভিযানে বাধা এলেও কমিশনের কাজ থেমে থাকবে না বলে জানিয়েছেন হাসান মশহুদ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বুধবার বরিশালে এক অনুষ্ঠানে বলেন, "দুর্নীতিবিরোধী অভিযান চালাতে গিয়ে একের পর এক বাধা আসছে। আরও বাধা আসবে। তবে আমরা এতে ভয় পাই না। কমিশন তার কাজ চালিয়ে যাবে।" তবে কী কী বাধা আসছে বা কোথা থেকে আসছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। দেশকে দুর্নীতিমুক্ত করতে কমিশন সর্বোত চেষ্টা চালিয়ে যাবে বলে সাবেক এই সেনাপ্রধান জানান। তিনি বরিশাল ব্রজমোহন কলেজ মিলনায়তনে "দুনীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা" শীর্ষক বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে হাসান মশহুদ বলেন, "আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীতে দেশ গড়বে। তাই দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমেদ। বক্তৃতায় কলেজের জহিরুল হাওলাদার প্রথম, সোহানা ইসলাম দ্বিতীয় এবং আবদুল্লাহ আল জাবেদ তৃতীয় স্থান লাভ করে। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক সংগঠন ব্রজমোহন থিয়েটার দুর্নীতিবিরোধী নাটক মঞ্চস্থ করে। পরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মাদারীপুরে এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন। বুধবার বিকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় হাসান মশহুদ বলেন, "সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতিমুক্ত থাকেন, তবে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে।" তিনি বলেন, "দেশের জন্য সৎ কর্মকর্তার প্রয়োজন। প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতি না করলে অধীনস্তদের ওপরও সৎ থাকার চাপ বেড়ে যায়। ফলে দুর্নীতির মাত্রা কমে।" জেলা প্রশাসক শশী কুমার সিংহ এর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সিভিল সার্জন ডা. আলমগীর খান, জেলা শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৫