ঢাকা অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশন ( ট্রুথ কমিশন) বিটিসিএল এবং বিআরটিএ এর ১৭ শীর্ষ কর্মকর্তাকে জবানবন্দির জন্য তলব করেছে। নাম প্রকাশ না করা এ কর্মকর্তাদের আগামী সপ্তাহেই হাজিরা দিতে হবে।
কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, ট্রুথ কমিশনে ইতিমধ্যে যাদের শুনানি হয়েছে তাদের কাছ থেকেই দুর্নীতির সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ওই ১৭ জন শীর্ষ কর্মকর্তার নাম পাওয়া গেছে। এই সব কর্মকর্তাকে ডেকে তাদের বক্তব্য নেওয়া হবে।
চেয়ারম্যান জানান, তারা না এলে কমিশন আদালতের আশ্রয় নেবে। আইনানুযায়ী তাদের তিন মাসের কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, এইসব শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তা অবিশ্বাস্য। প্রতিষ্ঠানের ভুয়া বাজেট বানিয়ে সরকারের পুরো টাকা আত্মসাতের মতো ঘটনাও তারা ঘটিয়েছেন।
উল্লিখিত ১৭ কর্মকর্তার মধ্যে কেউ বর্তমানে কর্মরত আছেন এবং কেউ অবসরে গেছেন।
মনোবিশেষজ্ঞের কাউন্সেলিংয়ের ব্যবস্থা
এদিকে কমিশন সদস্য আসিফ আলি জানান, এ পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের অধিকাংশই সরকারি এবং আধা সরকারি কর্মকর্তা-কর্মচারি। তারা কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন তা জানার চেষ্টা করা হয়েছে।
দুর্নীতিপীড়িত প্রতিষ্ঠানগুলোতে মনোবিশেষজ্ঞের 'কাউন্সেলিং' এর মাধ্যমে নৈতিকতা ও ধর্মীয়বোধকে উজ্জীবিত করা ও প্রয়োজনে মানসিক চিকিৎসা দেওয়ার ব্যাপারে সরকারকে প্রতিবেদনের মাধ্যমে পরামর্শ দেওয়া হবে বলে তিনি জানান।
কমিশনের অপর সদস্য মেজর জেনারেল (অব.) মঞ্জুর রশিদ খান সাপ্তাহিক বলেন, "সন্দেহভাজনদের কেউ কেউ বলছেন, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা ঠিক নয়। নাম এসেছে বলেই সত্যতা যাচাইয়ের জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।"
কমিশনের ৫ মাস মেয়াদের মধ্যে ইতিমধ্যে আড়াইমাস গত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এই আড়াই মাসে কিভাবে দুর্নীতি হয়, কারা তা করে তার অনেকটাই জানা সম্ভব হয়েছে।"
কমিশন চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানান, এ পর্যন্ত ৩১৩টি আবেদন এসেছে। এর মধ্যে প্রায় অর্ধেক- ১৫০ জনের শুনানি শেষ হয়েছে। ১৭জন স্বেচ্ছায় আবেদন করেছেন। বাকিরা দুর্নীতি দমন কমিশন,জাতীয় গুরুতর অপরাধ সমন্বয় কমিটি এবং আদালতের মাধ্যমে এসেছেন।
চেয়ারম্যান জানান, ইতিমধ্যে অসাধু উপায়ে অর্জিত ১৯ কোটি ৬৯ লাখ টাকা ফেরতের আদেশ দেওয়া হয়েছে। তার মধ্যে ১০ কোটি ১৭ লাখ টাকা জমা পড়েছে। তাছাড়া ১৮জনকে 'মার্জনাপত্র' দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কমিশনে এসে কেউ নিজের যে অন্যায়ের কথা স্বীকার করছেন শুধু সে ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার যদি আরও কিছু সম্পত্তি থেকে থাকে সে ব্যাপারে কমিশনের কিছু করার নেই। কেননা কমিশনের তদন্ত করার কোনো ক্ষমতা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮৪৯ঘ.
bdnews24