কুষ্টিয়া অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট লালন শাহ'র ১১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী উৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে।
উৎসবের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। লালনভক্তরাও জড়ো হতে শুরু করেছেন কুষ্টিয়ায়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমির উদ্যোগে এ উৎসবে আলোচনা সভা, গ্রামীণ মেলা ও লালনের গানের আয়োজন থাকছে।
লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ছেঁউড়িয়া গ্রামের লালন একাডেমি চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনোয়ারুল করিম।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, কুষ্টিয়ার জেলা প্রশাসক সরকার আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোসলেহউদ্দিন আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ধীরেন্দ্র নাথ সরকার ও বাংলালিংকের জনসংযোগ বিভাগের প্রধান সোলায়মান আলম উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৯ ঘ.
bdnews24