২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব বুঝে না পাওয়ার কারণ জানতে চেয়ে সরকারকে মেয়র মহিউদ্দিনের চিঠি

জামিনে মুক্তি পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে তার 'দায়িত্ব বুঝে না পাওয়ার' কারণ জানতে চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে তার 'দায়িত্ব বুঝে না পাওয়ার' কারণ জানতে চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরীর অনুপস্থিতিতে একজন ভারপ্রাপ্ত মেয়র বাণিজ্যিক রাজধানীর নগরপিতার দায়িত্ব পালন করছেন। বুধবার মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মঙ্গলবার তাদের ওই চিঠি দিয়েছেন আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেয়র মহিউদ্দিনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আইনগত মতামত নেওয়ার জন্য চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" উপদেষ্টা আরও বলেন, "উচ্চ আদালত মহিউদ্দীন চৌধুরীকে জামিনে মুক্তি দিয়েছে স্বাস্থ্যগত সমস্যার কারণে। তাকে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য মুক্তি দেওয়া হয়নি। এ বিষয়টি মাথায় রেখেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" এক বছর ৭ মাস কারাভোগের পর গত ৮ অক্টোবর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান তিনি। মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা হয়েছে। এর তিনটি আদালত খারিজ করে দেয়। চারটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর পাওয়া বিজয় টিভি মামলাসহ বাকি মোট ১৫ টির সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসকে/১৭১৩ঘ.