২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অনিয়ম' করে জামিন দেওয়ায় হাকিমকে আদালতে তলব

অনিয়ম করে একটি দস্যুতা মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মহানগর দায়রা জজ এক মহানগর হাকিমকে সশরীরে আদালতে হাজির হতে বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম করে একটি দস্যুতা মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মহানগর দায়রা জজ এক মহানগর হাকিমকে সশরীরে আদালতে হাজির হতে বলেছেন। মঙ্গলবার দুপুরে ওই মামলার জামিন আবেদনকারী আইনজীবী ও আদালতের এক পুলিশ কর্মকর্তা হাজির হয়ে ওই বিচারকের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করেছেন। মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য দিন ধার্য থাকা সত্ত্বেও মহানগর হাকিম দিলারা আলো চন্দনা প্রচলিত আইন ও নিয়ম ভঙ্গ করে জনৈক খলিলুল্লাহ মিঠুর জামিন দিয়ে দেন। গত ২৫ আগস্ট খিলগাঁও এলাকার বাসিন্দা খলিলুল্লাহ মিঠুর ওই জামিনের বিষয়টি জানতে পেরে গত ২ সেপ্টেম্বর তারিখে বিচারক মো. আজিজুল হক হাকিম চন্দনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে কারণ দর্শাতে বলেন। এ ছাড়া অভিযুক্তের আইনজীবী নুরুজ্জামানের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের কারণে বার কাউন্সিলে বিষয়টি কেন পাঠানো হবে না এ মর্মে কারণ দর্শানোর আদেশ দেন। ঘটনাটি বেশ কয়েকদিন ধরে আদালত অঙ্গনে আলোচিত হয়। কারণ দর্শানোর জবাবে হাকিম দিলারা আলো চন্দনা গত ৯ সেপ্টেম্বর লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। লিখিত দরখাস্তে তিনি 'স্বল্প সময়ের কর্মজীবনে' অনিচ্ছাকৃত ভুল করেছেন বলে স্বীকার করেন। তবে চন্দনা আত্মপক্ষ সমর্থন করে এ-ও বলেন, আসামিপক্ষের আইনজীবী তাকে ভুল বুঝিয়ে 'প্রতারণার আশ্রয় নিয়ে' জামিনের আদেশটি হাসিল করেছেন। আদালত তাকে আগামি ২০ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য বলেন। মঙ্গলবার আইনজীবী নূরুজ্জামান মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে বলেন উচ্চ আদালতে জামিনের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে জামিনের শুনানি করা বেআইনি তা তিনি জানতেন না। এ সময় ওই জামিন বিষয়ে সংশ্লিষ্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা মো. আকবর বিচারকের কাছে আইনভঙ্গ করার কারণে একইভাবে নিঃশর্ত ক্ষমা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৩২ঘ.