২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউকে কাউকে না ধরায় প্রশ্ন উঠেছে: অধ্যাপক মোজাফফর

সরকারের কিছু কার্যকলাপের সমালোচনা করে অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন, আইন সবার জন্য সমান হলেও কাউকে কাউকে না ধরায় প্রশ্ন উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কিছু কার্যকলাপের সমালোচনা করে অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন, আইন সবার জন্য সমান হলেও কাউকে কাউকে না ধরায় প্রশ্ন উঠেছে। এছাড়া আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে তথ্য সংগ্রহ করে সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'আসন্ন নির্বাচন ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলছিলেন। অধ্যাপক মোজাফফর বলেন, "আমরা সুশাসনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য আইন প্রণেতাদের সৎ ও যোগ্য হতে হবে। আর এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে রাজনৈতিক দলগুলো। তৃণমূল পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে হবে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। ওয়ারেন্ট থাকার পরও অনেককে ধরা হচ্ছে না। ছাড় দেওয়া হচ্ছে কিনা তা সরকারই বলতে পারবে। আইন সবার জন্য সমান হলে এদের ধরা হচ্ছে না কেন- এ প্রশ্ন অনেকের মনেই দেখা দিয়েছে।" অর্থের বিনিময়ে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়ে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, "ক্ষমতায় যাওয়ার রাজনীতি পরিবর্তন করে জনকল্যাণমূলক রাজনীতির মনোভাব তৈরি করতে হবে রাজনীতিবিদদের। আগামী নির্বাচনে যদি পরিবর্তিত মনোভাব লক্ষ্য করা যায় তাহলে তা একটি মাইলফলক বলে বিবেচিত হবে।" 'পুরনোরাই' আগামী নির্বাচনে বিজয়ী হলে 'এক এগারো' কোনো কল্যাণ বয়ে আনবে না বলে মন্তব্য করেন তিনি। তবে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে গোলটেবিল বৈঠকে বক্তব্য না দিলেও বাইরে এসে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও এ এস এম শাহজাহান। হাফিজউদ্দিন খান বলেন, "নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হচ্ছে সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন কথা বলে বেড়াচ্ছে। সরকারের ভূমিকাও প্রশ্নের জন্ম দিচ্ছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। বিচার ব্যবস্থা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে।" নির্বাচন নিয়ে সংশয় থাকার কথা বলে এ এস এম শাহজাহান বলেন, "জরুরি অবস্থা ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের মতো মূল বিষয়গুলো এখনো সমাধা হয়নি।" সংশয় কোথায় এ প্রশ্ন করা হলে শাহজাহান বলেন, "যে কাজগুলো ২০০৭ বা ২০০৮ সালের প্রথমে করা দরকার ছিল, তা আগে না করে পেছনে ঠেলে দিয়ে সংশয় তৈরি করা হয়েছে।" বৈঠকে মূল প্রবন্ধ পড়েন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার। আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক গোলাম মুরশিদ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, বেসরকারিকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/২০০৫ঘ.