২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে কসবা পৌরসভার ১০ কাউন্সিলরের কারাদণ্ড

সুপার মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি মামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ১০ জন কাউন্সিলরকে দুবছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি মামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ১০ জন কাউন্সিলরকে দুবছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কাউন্সিলররা হলেন- শহীদ মিয়া, জসীম উদ্দীন, হীরাচাঁন মিয়া, আবুল হাসেম, আক্তার হোসেন, নিজামউদ্দীন ধনু, আয়েশা বেগম, শিউলী আক্তার, নুরুন্নবী দুলাল ও আনোয়ারা বেগম। ফারুক হোসেন নামে এক কাউন্সিলর পলাতক থাকায় তার মামলার রায় হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল আওয়াল চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আদালত আয়েশা বেগমকে ২ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা, শিউলী আক্তারকে ২ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা, শহীদ মিয়াকে ১ লাখ ৯০ হাজার ৭২৫ টাকা ও নিজামউদ্দিন ধনুকে ১ লাখ ৮২ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়েছে। ১ লাখ ৬৪ হাজার ৭৭৫ টাকা করে জরিমানা করা হয় জসীম উদ্দীন ও হিরাচাঁন মিয়াকে। আক্তার হোসেন ও নুরুন্নবী দুলালকে ১ লাখ ৩০ হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়। আনোয়ারা বেগমকে ১ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা ও আবুল হাসেমকে ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে আদালত। আইনজীবী শামসুল আওয়াল চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "দুর্নীতিবাজদের জন্য এই রায় উদাহরণ হয়ে থাকবে।" আসামী পক্ষের অন্যতম আইনজীবী সালাহ উদ্দিন খান বলেন, "আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।" কসবা পৌরসভার সুপার মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ গত বছরের ১৭ অক্টোবর কসবা থানায় ১১ জন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে পৃথক ১১টি মামলা দায়ের করেন। এ বছরের ১৩ মে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭২৫ ঘ.