২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে বিএনপির সাত প্রস্তাব

সরকারের সঙ্গে সংলাপে সাতটি প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ হয়। আলোচনায় সব বিষয়ে মতৈক্য হয়নি জানিয়ে দুই পক্ষ থেকেই আবারও আলোচনায় বসার কথা বলা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে সাতটি প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ হয়। আলোচনায় সব বিষয়ে মতৈক্য হয়নি জানিয়ে দুই পক্ষ থেকেই আবারও আলোচনায় বসার কথা বলা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির সঙ্গে সরকারের সংলাপ হয়। এতে সরকার পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা সাতটি প্রস্তাব দিয়েছি। আমরা মনে করি, এগুলো বাস্তবায়ন হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে।" আবার আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, "সংলাপ শেষ হলেই বোঝা যাবে, আমরা কী প্রস্তাব দিয়েছি আর কী সমাধান পেলাম।" উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "আলোচনায় সব বিষয়ে মতৈক্য এখনও হয়নি। তবে আমাদের মধ্যে আরও আলোচনা হবে।" সংলাপে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বানও বিএনপির পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, "জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।" আলোচনার বিষয়বস্তু নিয়ে জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, "অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, জরুরি অবস্থা, উপজেলা নির্বাচনসহ সাত দফা প্রস্তাবনা নিয়ে সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে।" তিনি বলেন, "সরকারকে বলেছি, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা আগ্রহী। আমরা চাই, ঘোষিত সময়েই নির্বাচন হোক। এ তারিখে নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।" উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "বিএনপির সঙ্গে খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে।" বৈঠকে সংসদ নির্বাচন, নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা, উপজেলা নির্বাচন, জরুরি অবস্থা, প্রশাসনের নিরপেক্ষতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানান। তবে বিএনপি মহাসচিব বলেন, "আমরা যে সাতটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এখানে উপদেষ্টা তার সব কিছু উল্লেখ করেননি।" উপদেষ্টা বলেন, "বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাচনের সময়সূচি নিয়ে বাস্তবমুখী কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। সরকার সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আশাবাদী।" জরুরি অবস্থা প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "জরুরি অবস্থা অনেক শিথিল করা হয়েছে। এর প্রায়োগিক দিকও বদলানো হচ্ছে। সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয়, তার প্রতি দৃষ্টি রাখা হচ্ছে। একই সঙ্গে জনগণও যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তাও মাথায় রাখা হচ্ছে।" প্রশাসনের নিরপেক্ষতার ওপর বিএনপি গুরুত্ব দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য তাদের অনুরোধ করেছি। নির্বাচন মাথায় রেখে কিছু দিন আগে মাঠ প্রশাসনে ডিসি এবং ইউএনও বদল করা হয়েছে। এরপরও সুনির্দিষ্ট কোনও তথ্য থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।" তারা দুই জনই আবার আলোচনার কথা বলেন। হোসেন জিল্লুর বলেন, "আবারও আলোচনা হবে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সবভাবেই আলোচনা অব্যাহত থাকবে।" বিএনপি মহাসচিবও বলেন, "আলোচনা শেষ হয়নি। আবারও আলোচনা হবে।" পরবর্তী আলোচনা কবে হতে পারে- জানতে চাওয়া হলে খোন্দকার দেলোয়ার বলেন, "রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগেও আলোচনা হতে পারে।" সকাল সোয়া ১১টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত প্রধান উপদেষ্টা ও পাঁচ উপদেষ্টা বিএনপির সঙ্গে বৈঠক করেন। অপর উপদেষ্টারা হলেন- এএফ হাসান আরিফ, গোলাম কাদের, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান। বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সহসভাপতি টিএইচ খান, সারোয়ারী রহমান, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সংস্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত বিএনপির দুই অংশ এবং আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল প্রাক-সংলাপে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এসএম/এমআই/১৬৩৪ ঘ.